পল্লিকবি জসীমউদ্দীনের জন্মবার্ষিকী পালিত
‘পল্লিকবি আমাদের গ্রামবাংলাকে নাগরিক সমাজের কাছে তুলে ধরেছেন। ছোটবেলায় তাঁর কবিতা পড়ে আমরা মামাবাড়ি যাওয়ার আনন্দ উপভোগ করতাম। পল্লিকবিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’
পল্লিকবি জসীমউদ্দীনের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সকাল নয়টার দিকে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কবির পৈতৃক বাড়ির প্রাঙ্গণে যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন। ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক।
পল্লিকবি জসীমউদ্দীন জন্মবার্ষিকী উদ্যাপন কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা।
আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা বাসস প্রতিনিধি মো. শাহজাহান, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ, কবির ছেলে খুরশিদ আলম, আনসারউদ্দীন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর হোসেন মোল্লা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী, সংস্কৃতিকর্মী আসমা আক্তার প্রমুখ। এর আগে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জসীম ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, কবির প্রতিষ্ঠিত আনসারউদ্দীন উচ্চবিদ্যালয়, উঠোন সাহিত্য পত্রিকা, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের পক্ষে ডালিমগাছের তলায় শায়িত কবির সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন জসীমউদ্দীন। কবর, নিমন্ত্রণসহ অনেক স্মরণীয় কবিতা, সোজন বাদিয়ার ঘাট, নক্সীকাঁথাসহ অনেক কালজয়ী কাব্যগ্রন্থ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। ওই দিনই ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে ঐতিহাসিক ‘ডালিমগাছের’ তলায় তাঁকে দাফন করা হয়।