পল্লিকবি নামের সড়কে অবরুদ্ধ মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কমলাপুরের কবি জসীমউদ্‌দীন রোডে খোঁড়াখুঁড়ির পর রাস্তায় স্তুুপ করে রাখা হয়েছে ইটমাটি। গতকাল বিকেলের ছবি l প্রথম আলো
দক্ষিণ কমলাপুরের কবি জসীমউদ্‌দীন রোডে খোঁড়াখুঁড়ির পর রাস্তায় স্তুুপ করে রাখা হয়েছে ইটমাটি। গতকাল বিকেলের ছবি l প্রথম আলো

পল্লিকবি জসীমউদ্দীনের নামে নামকরণ করা হয়েছিল সড়কটির। কবির বাড়িও ওই সড়কেই। কিন্তু খোঁড়াখুঁড়ি করে রাখায় প্রায় এক মাস ধরে এই সড়কে হাঁটাও দায়। বর্তমানে অনেক স্থানেই সড়কের মাঝখানে মাটির স্তূপ। এলাকার হাজার হাজার মানুষ একপ্রকার অবরুদ্ধ হয়ে আছেন।
গতকাল বুধবার এলাকায় গিয়ে এ অবস্থার কথা জানা যায়। সড়কটি পড়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৮ নম্বর ওয়ার্ডে, দক্ষিণ কমলাপুর এলাকায়। গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের পেছনের সড়ক প্রান্ত জসীমউদ্দীন রোডের প্রবেশপথ থেকে ১০০ গজের মধ্যে মাটি ও বালুর স্তূপ। সড়কের অন্যান্য অংশেও এ অবস্থা। যানবাহন চলাচল বন্ধ। মাঝে মাঝে রিকশা চলাচলের চেষ্টা করে।
এলাকার মুরাদ স্টোরের কাছে কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা হয়। তাঁরা জানান, এক মাসের বেশি সময় তাঁরা দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সড়কের অনেক স্থানেই খোঁড়াখুঁড়ির পর বড় বড় গর্ত করে রাখা হয়েছিল। কোনো নিরাপত্তাবেষ্টনীও ছিল না। সড়কের নিচে আগে মোটা পাইপ ছিল, সেগুলো সরিয়ে পাকা ম্যানহোল করা হয়। কিছু ম্যানহোলের ওপর স্ল্যাব দেওয়া হয়েছে। নির্মাণের সময়ই বোঝা গেছে, মজবুত হচ্ছে না, একটি স্ল্যাব ফেটেও গেছে। ভারী যানবাহনের চাপে অন্যগুলোও সহজেই ভেঙে যেতে পারে। বাসিন্দারা বলেন, তাঁদের এবং চলাচলকারী পথচারী ও যানবাহন আরোহীর দীর্ঘদিনের ভোগান্তি মানা যায়, যদি যথাযথভাবে সড়ক-নর্দমা মেরামত ও ম্যানহোল নির্মাণ করা হয়। কিন্তু যেভাবে কাজ হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক। তাঁরা বলেন, শুধু ম্যানহোল এবং নর্দমার মেরামতকাজের জন্য দীর্ঘদিন রাস্তার এ অবস্থা। রাস্তা মেরামত করতে আরও কত দিন সময় লাগবে তা তাঁরা জানেন না। এখন পর্যন্ত রাস্তা মেরামতের কোনো আভাস দেখা যাচ্ছে না।
মতিঝিল আইডিয়াল স্কুল ও মতিঝিল মডেল স্কুলের অনেক শিক্ষার্থী এই পথে চলাচল করে। প্রধান সড়ক এড়িয়ে এই পথটি ব্যবহার অল্প সময়ের এবং নিরাপদের। কিন্তু বর্তমানে এই পথে চলাচল করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভোগে শিক্ষার্থী ও অভিভাবকেরা।
গত বছরের ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে এই সড়কের বাসিন্দা সাবিনা জাহান কাউন্সিলর প্রার্থী হয়েছিলেন বলে জানান। গতকাল প্রথম আলোকে তিনি বলেন, রাস্তার এমন অবস্থা করা হয়েছে যে কোনো সচেতন মানুষের জন্য এটা অস্বস্তিকর। বৃষ্টি হলে কাটাছেঁড়া রাস্তায় যখন পানি জমে, তখন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
যোগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিলর মো. সুলতান মিয়া বলেন, বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে গত সোমবার তিনি এলাকা ঘুরে এসেছেন। ঠিকাদারকে বলা হয়েছে যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে। ঠিকাদার দদুঃখ প্রকাশ করেছেন। বলেছেন, আরও দিন পনেরো সময় লাগতে পারে।