পল্লিকবির কবর প্রাঙ্গণে আমান মওদুদকে দাফন

ফরিদপুরে নানা পল্লিকবি জসীমউদ্দীনের কবর প্রাঙ্গণে সমাহিত হলেন আমান মওদুদ (৩৮)। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর দাফন সম্পন্ন হয়।
এর আগে আমান মওদুদের মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টারে করে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে আনা হয়। সেখানে পল্লিকবির বাড়িসংলগ্ন জসীম উদ্যানে তাঁর শেষ জানাজা হয়।
এ সময় মওদুদ আহমদ, তাঁর স্ত্রী হাসনা মওদুদ, পল্লিকবির মেয়ে আসমা তৌফিক জসীমউদ্দীন, কবির ছেলে খুরশিদ আনোয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, দলের নেতা শাহ মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ মাঠে প্রথম জানাজা, বাদ জোহর ঢাকার হাইকোর্ট মাজার মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হয়। এতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিএনপির নেতা জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, মো. শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, আইনজীবী রফিক-উল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী প্রমুখ অংশ নেন।
গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরে নেওয়ার পথে আমান মওদুদ মৃত্যুবরণ করেন। আজ শুক্রবার বাদ আসর মওদুদ আহমদের গুলশানের বাসভবনে দোয়ার আয়োজন করা হয়েছে।