পল্লিকবির ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লিকবি জসীমউদ্দীনের ৩৯তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে।
সকালে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, সাহিত্য পরিষদ, বিনোদন নাট্যদল, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কবির বাড়ির আঙিনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গ্রাম-বাংলার অতীত, ঐতিহ্য, লোকাচার ও সংস্কৃতি আগামী প্রজন্মের কাছে সার্থকভাবে তুলে ধরতে হলে সবাইকে পল্লিকবি জসীমউদ্দীনের কাছে যেতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রশীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আনোয়ারুল ইসলাম, কবির ছেলে জামাল আনোয়ার, অধ্যাপক এম এ সামাদ প্রমুখ। সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
১৯০৩ সালের ১ জানুয়ারি জসীমউদ্দীন ফরিদপুর সদর উপজেলার তাম্বুলখানা এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।