পল্লিচিকিৎসকের পা বাঁধা লাশ উদ্ধার
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সীরহাট-কুতুবেরহাট সড়কের পাশের একটি খেত থেকে মনিরুজ্জামান শামীম (২৭) নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।গতকাল সোমবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। নিহত মনিরুজ্জামান সেনবাগের কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের বটতলা বাজারের পল্লি চিকিৎসক।তিনি পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামের মো. অজিউল্লার ছেলে। এ ঘটনায় নিহতের ভাই মো. কামরুজ্জামান বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।ঘটনাস্থল পরিদর্শনকারী সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. হোসেনুজ্জামান প্রথম আলোকে বলেন, লাশের গলায় কালো দাগ ছাড়াও মাথা, কান, পেটসহ কয়েকটি স্থানে ক্ষত রয়েছে। এ ছাড়া দুই পা বাঁধা ছিল। যা দেখে মনে হয় লোকটিকে দুর্বৃত্তরা শ্বাসরোধের পাশাপাশি গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে। তবে, লাশের ময়নাতদন্তের আগে কোনো কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত মনিরুজ্জামানের সঙ্গে আর্থিক লেনদেনসহ বিভিন্ন বিষয় নিয়ে এলাকার চিহ্নিত কয়েক ব্যক্তির সঙ্গে বিরোধ ছিল। ওই বিরোধের জের ধরেই তিনি খুন হতে পারেন। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান গতকাল দুপুরে বলেন, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে বলে যে কয়টি নাম আলোচনায় এসেছে, তাদের কেউই সন্দেহের ঊর্ধ্বে নয়। সে বিষয়টি মাথায় নিয়েই তদন্ত পরিচালিত হবে।’