চাকরি রাজস্বকরণের নামে ১৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে মুজিবনগর উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের বদলি হওয়া কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। গত রোববার আদালত মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন।
অভিযুক্ত ওই কর্মকর্তার নাম হাসান ইমাম। এই কার্যালয়ের পিয়ন ফারুক হোসেন মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। ১১ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে। হাসান ইমাম বর্তমানে নড়াইলের কালিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
দুদক কুষ্টিয়া অঞ্চলের উপপরিচালক আবদুল গাফফার বলেন, দুদক তদন্তের প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে।
বাদী ফারুক বলেন, তিনি মুজিবনগর উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ে পিয়ন পদে কর্মরত। একই কার্যালয়ের পরিদর্শক মো. আনিছুজ্জামান ও তৌহিদুজ্জামান এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মঞ্জুরা খাতুন ২০১৪ সালের ১৩ অক্টোবর নিয়োগ পান। ওই সময় হাসান ইমাম ছয় মাসের মধ্যে তাঁদের চাকরি রাজস্বকরণের প্রলোভন দেখান। এ জন্য তাঁদের কাছ থেকে হাসান ব্যাংকের টিটির মাধ্যমে ৬ লাখ ৮০ হাজার টাকা এবং ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্রের মাধ্যমে ১০ লাখ ৬০ হাজার টাকাসহ মোট ১৭ লাখ ৬০ হাজার টাকা ঘুষ নেন। এর ছয় মাস পার হলে হাসান চাকরি রাজস্বকরণ ও টাকা ফেরত নিয়ে টালবাহানা শুরু করেন। মুজিবনগর পল্লী উন্নয়ন কার্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদ এ নিয়ে গত ১৬ এপ্রিল জরুরি সভা করে। সভায় হাসান ঘুষ নেওয়ার অভিযোগ স্বীকার করেন। তিনি টাকা ফেরত দেওয়ার জন্য দুই মাস সময় চান। দুই মাস পরে টাকা চাইলে হাসান টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং মন্ত্রীর ভাগনি জামাই পরিচয় দিয়ে তাঁদের চাকরিচ্যুত করাসহ প্রাণনাশের হুমকি দেন।
হাসান ইমাম বলেন, ‘চাকরি রাজস্বকরণের নামে তিনি কোনো কর্মচারীর কাছ থেকে ঘুষ নেননি। চুক্তিপত্র, কার্যবিবরণীসহ সব কাগজে তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে। এসব ষড়যন্ত্র।’
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মেহেরপুর জেলা কর্মকর্তা ফজলুল হক বলেন, অভিযুক্ত কর্মকর্তাকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।