যশোর সদর উপজেলার ছয়টি গ্রামের বাসিন্দারা তাঁদের পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় না নেওয়ার দাবিতে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেছেন। একই দাবিতে এদিন রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওজোপাডিকোর গ্রাহকেরা।
‘পল্লী বিদ্যুৎ আগ্রাসন প্রতিরোধ কমিটি’র ব্যানারে গতকাল দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক রুহুল আমিন। তিনি বলেন, পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) বিদ্যুৎসেবায় মানুষ সন্তুষ্ট। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি এখন গ্রাম ছেড়ে শহরের দিকে অগ্রসর হচ্ছে।
লিখিত বক্তব্যে বলা হয়, যশোর শহরতলির শেখহাটি, বিরামপুর, পাগলাদাহ, নওদাগ্রাম, তরফ নওয়াপাড়া ও কিসমত নওয়াপাড়া এলাকায় ১৯৬৩ সাল থেকে পিডিবি (বর্তমানে ওজোপাডিকো) বিদ্যুৎ সরবরাহ করছে। কিন্তু হঠাৎ করে পল্লী বিদ্যুৎ এই এলাকায় আগ্রাসন শুরু করেছে। অথচ যে গ্রামাঞ্চলে বিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে পল্লী বিদ্যুৎ সমিতি গঠন করা হয়, তিন দশকেরও বেশি সময় পার হলেও তারা গ্রামাঞ্চলের অর্ধেক মানুষকে বিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে পারেনি। তাদের কাছে শহর এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্ব হস্তান্তরে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
সম্মেলনে যোগ দেওয়া কিসমত নওয়াপাড়া এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বলেন, ‘সরকারি-বেসরকারি দপ্তর ও ব্যবসা-বাণিজ্যের জন্য আমাদের এলাকাটি গুরুত্বপূর্ণ। এখানে ৫৪ বছর ধরে পিডিবি বিদ্যুৎ সরবরাহ করছে। গ্রাহকসংখ্যা আড়াই হাজার। আমরা পল্লী বিদ্যুতের আওতায় যেতে চাই না।’
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, পল্লী বিদ্যুতের এই আগ্রাসন রুখতে স্থানীয় বাসিন্দা আসাদুল আলম উচ্চ আদালতে ১৫ ফেব্রুয়ারি একটি রিট করেছেন, যা এখন শুনানির অপেক্ষায় রয়েছে। এ ছাড়া যশোর জেলা প্রশাসককে ১৩ ফেব্রুয়ারি স্মারকলিপি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুক্তা ইসলাম ও সাজিদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গ্রামবাসী শফিউল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান, আসাদুল আলম, মোকলেছুর রহমান প্রমুখ।
এদিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা সদরের বাজার চৌরাস্তায় গতকাল বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ওজোপাডিকোর গ্রাহকেরা। গ্রাহক ও সাংবাদিক রঘুনন্দন শিকদার এতে সভাপতিত্ব করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাজারের ব্যবসায়ী মো. আক্তারুজ্জামান, আব্দুল জলিল, জাকির হোসেন, শহিদুল ইসলাম, তালপট্টির ব্যবসায়ী বদরুল আলম, সুধাংশু কুন্ডু, ছলেমান শেখ প্রমুখ।
বক্তারা ওজোপাডিকোর বিদ্যুতের সংযোগ পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তরের ষড়যন্ত্রের কড়া প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ব্রিটিশ সরকারের সময় থেকে তাঁরা পিডিবির গ্রাহক হিসেবে আছেন। এখন তাঁদের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে সম্প্রতি যে চিঠি দেওয়া হয়েছে, সেটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে পল্লী বিদ্যুৎ শহর এলাকায় প্রবেশের চেষ্টা করছে। এই চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়াহবে না।
মানববন্ধন শেষে বক্তারা আগামী বুধবার একই স্থানে বিক্ষোভ মিছিল ও (কার কাছে) স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন।
ওজোপাডিকোর বালিয়াকান্দি উপজেলার ফিডার ইনচার্জ বাপ্পি দাস প্রথম আলোকে বলেন, রাজবাড়ী জেলায় তাঁদের মোট গ্রাহক আছেন ৪১ হাজার ১৫৭ জন। এর মধ্যে বালিয়াকান্দিতে আছেন ৪ হাজার ৫২১ জন।