পল্লী বিদ্যুতে হস্তান্তর না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিডিবির কুলাউড়া কার্যালয়ের সামনে গতকাল গ্রাহকদের অবস্থান কর্মসূচি l ছবি: প্রথম আলো
পিডিবির কুলাউড়া কার্যালয়ের সামনে গতকাল গ্রাহকদের অবস্থান কর্মসূচি l ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কুলাউড়া ও পার্শ্ববর্তী জুড়ী উপজেলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আওতাধীন বিদ্যুৎ লাইনসহ বিভিন্ন স্থাপনা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কাছে হস্তান্তর না করার দাবিতে গতকাল বুধবার কুলাউড়ায় দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করা হয়েছে। পিডিবির গ্রাহকদের ব্যানারে পৌর শহরের চাতলগাঁও এলাকায় অবস্থিত পিডিবির কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে অবস্থান ধর্মঘট শুরু হয়। এ সময় বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের কুলাউড়া শাখার সভাপতি আনছার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, হাওর বাঁচাও-কৃষি বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, অটোমোবাইল ওয়ার্কশপ মেকানিক্যাল ইউনিয়নের উপজেলা শাখার সভাপতি সিরাজ উদ্দিন, উপজেলা ইলেকট্রিশিয়ান সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, পবিসের আওতাধীন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হয়। তাতে গ্রাহকদের দুর্ভোগে পড়তে হয়। এ ছাড়া অতিরিক্ত বিল পরিশোধ করতে হয়।

বক্তারা বলেন, পিডিবির অধীনে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে সিলেট বিভাগে একটি প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। এই অবস্থায় এটিকে পবিসের মতো একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে গভীর ষড়যন্ত্র চলছে। এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না।

পিডিবি ও পবিস সূত্র জানায়, পিডিবির কুলাউড়া কার্যালয়ের আওতায় ওই উপজেলাসহ পার্শ্ববর্তী জুড়ী উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। দুই উপজেলায় তাদের গ্রাহকসংখ্যা প্রায় ৩০ হাজার। ২০ জুন পবিসের মৌলভীবাজার কার্যালয়ের মহাব্যবস্থাপক পিডিবির কুলাউড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর কাছে একটি চিঠি পাঠান। ওই চিঠিতে পিডিবির কুলাউড়া কার্যালয়ের আওতাধীন ৩৪৪ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনসহ তাদের সব স্থাপনা পবিসের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করা হয়।