বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেপ্তার ছয়জন গতকাল বুধবার জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, পল্লী বিদ্যুতের শক্তিশালী একটি চক্র নকল কাগজপত্র তৈরি করে চোরাই ট্রান্সফরমার কেনেন। চুরির মূল হোতা চারজন। এঁদের মধ্যে তিনজনই আপন ভাই। মূল হোতাদের অন্যতম হচ্ছেন নবী হোসেন। তাঁর বাড়ি কুমিল্লায়। তাঁর ২০-২৫ জন সহযোগী রয়েছেন। তাঁরা ঢাকার কদমতলী এলাকায় ওয়েল্ডিং কারখানা খুলে সেখানে চোরাই ট্রান্সফরমারের যন্ত্রাংশের ব্যবসা চালিয়ে আসছিলেন। তাঁদের নামে দেশের বিভিন্ন থানায় ট্রান্সফরমার চুরির মামলা রয়েছে।জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, তিনটি গ্রুপে ভাগ হয়ে চক্রটি কাজ করে। এক গ্রুপ ট্রান্সফরমার চুরি করে কারখানায় নিয়ে আসে, দ্বিতীয় গ্রুপ দ্রুত সেগুলোর যন্ত্রাংশ খুলে রিসাইক্লিং করে পুনরায় সংযোগ করে, আর তৃতীয় গ্রুপ নকল কাগজপত্র তৈরির পর ট্রান্সফরমারগুলো পল্লী বিদ্যুতের কাছে সরবরাহ করে। এ ক্ষেত্রে তাদের সহায়তা করে পল্লী বিদ্যুতের একটি চক্র। তাদের যোগসাজশে লোক দেখানো দরপত্র-প্রক্রিয়ায় এসব ট্রান্সফরমার ক্রয় করা হয়। এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মোটা অঙ্কের আর্থিক সুবিধা পান পল্লী বিদ্যুতের কতিপয় কর্মকর্তা-কর্মচারী। এ পর্যন্ত চুরি করা বেশির ভাগ ট্রান্সফরমার পল্লী বিদ্যুতের কাছে বিক্রি করা হয়েছে বলে তাঁরা পুলিশকে জানিয়েছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান জানান, তাঁদের স্বীকারোক্তির সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। এ চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে অভিযান চলছে। উল্লেখ্য, গত শনিবার ভোরে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঢাকার কদমতলী এলাকায় চোরাই ট্রান্সফরমারের দুটি কারখানার সন্ধান পায়। ওই সময় ছয়জনকে আটক করা হয়।