পল্লী বিদ্যুতের কর্মকর্তা লাঞ্ছিতের মামলায় আরও তিনজন কারাগারে
নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির বকেয়া বিলের টাকা আদায়ে বাধা সৃষ্টি, কর্মকর্তাকে লাঞ্ছিত ও চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় আরও তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার তাঁরা নীলফামারী জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আকরাম হোসেনের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এ সময় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।
তাঁরা হলেন মামলার প্রধান আসামি নুরন্নবী সরকার (২৫), তাঁর বড় ভাই লিটন মিয়া (২৭), চাচাতো ভাই দুখু মিয়া (২৪)। এ ছাড়া ওই মামলায় নুরুন্নবীর মা নুরনাহার বেগম (৪৫) ও চাচি বিলকিস বেগমের (৩৮) জামিন মঞ্জুর করেন একই আদালত। এর আগে ওই মামলায় নুর আমিন সরকার (২২) নামের এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসানের নেতৃত্বে বকেয়া বিল আদায়ের জন্য পাঁচ সদস্যের একটি দল সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় গ্রামে যান। এ সময় নুরন্নবী সরকার ও দুখু মিয়ার নেতৃত্বে ছয় থেকে সাতজনের একদল যুবক এসে কাজে বাধার সৃষ্টি ও চাঁদা দাবি করেন। কর্তব্যরত ব্যক্তিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালিয়ে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন তাঁরা। এতে মো. আবু হাসান আহত হন। পুলিশের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর ওই রাতে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসনিক কর্মকর্তা তরফদার এনামুল কবীর ছয়জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
আদালতের উপপরিদর্শক (সিএসআই) নুর আলম বলেন, গতকাল সকালে মামলার পাঁচ আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নুরনাহার বেগম ও বিলকিস বেগমের জামিন মঞ্জুর করেন। বাকি আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সদরথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।