পল্লী বিদ্যুৎ সমিতি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শংকর চন্দ্র দাসকে গতকাল রোববার প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। এক মিটার রিডারের মৃত্যুকে কেন্দ্র করে ওই কার্যালয়ের বিক্ষুব্ধ কর্মচারীরা এ ঘটনা ঘটান। এ সময় তাঁরা শংকর চন্দ্র দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে স্লোগান দেন।
খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. মোবারক হোসেন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু শাহেদ চৌধুরী ও থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন ঘটনাস্থল যান। তাঁরা ডিজিএমকে উদ্ধার করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মিটার রিডার জানান, গত বৃহস্পতিবার রাতে মিটার রিডার আলী হোসেনের দায়িত্ব না থাকলেও ডিজিএম স্যার জোর করে তাঁকে প্রায় ২৫ কিলোমিটার দূরের এক গ্রামে কাজে পাঠান। সেখান থেকে ফেরার পথে আলী হোসেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। গতকাল সকালে তিনি মারা যান। আলী হোসেনের মৃত্যুর খবরে কর্মচারীরা ডিজিএম স্যারের বিচারের দাবিতে বিক্ষোভ করেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দেন। সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁকে কার্যালয়ে তালাবদ্ধ করে রাখা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে শংকর চন্দ্র দাস বলেন, ‘সবই মিথ্যা অভিযোগ। মিটার রিডার সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর আমি নিজে ৩০ হাজার টাকা দিয়ে সুচিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠাই।
শংকর চন্দ্র দাস আরও বলেন, ‘মূলত, আমি সম্প্রতি যোগ দিয়ে এই কার্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতি বন্ধে বিভিন্ন ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নিই। এ কারণে অফিস স্টাফরা আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন।’
পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. মোবারক হোসেন, মোবারক হোসেন প্রথম আলোকে বলেন, ‘নবীনগরের ইউএনও ও পুলিশের সহায়তায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে ডিজিএমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে এসেছি। এ বিষয়ে তদন্ত কমিটি করা হবে। তদন্তের পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’