পল্লী বিদ্যুতের ক্যাশিয়ার কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় সাড়ে ছয় কোটি টাকা আত্মসাতের ঘটনায় ক্যাশিয়ার জায়েদা খানমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার এ মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ এস এম তারিক শামস জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৬ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৭১২ টাকা আত্মসাতের ঘটনায় এ বছরের ৪ এপ্রিল তৎকালীন সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী হাফিজ আহমেদ বাদী হয়ে জায়েদা খানমকে আসামি করে পটুয়াখালী সদর থানায় একটি মামলা করেন। এরপর থেকে জায়েদা খানম পলাতক ছিলেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, ১৯৯২ সালের ২ আগস্ট পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে ক্যাশিয়ার পদে যোগ দেন জায়েদা খানম। ২০০৩ সালের ১৪ আগস্ট তিনি সদর দপ্তর থেকে বাউফল জোনাল অফিসে বদলি হন। ওই বছরের ২৯ সেপ্টেম্বর তিনি পুনরায় সদর দপ্তরে বদলি হয়ে আসেন এবং ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সদর দপ্তরে কর্মরত ছিলেন। সদর দপ্তরে হিসাব শাখায় দায়িত্ব পালনকালে গ্রাহকের সব ধরনের বিদ্যুৎ বিল আদায়, বিদ্যুৎ-সংযোগসংক্রান্ত অর্থ জমা নেওয়াসহ দাপ্তরিক বিভিন্ন ফান্ডের অর্থ গ্রহণ করে ব্যাংকে জমা দিতেন। এ ছাড়া সদর দপ্তরের আওতায় ব্যাংকের মাধ্যমে গ্রহণ করা বিদ্যুৎ বিলের টাকা, চেক, ডিডি গ্রহণের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোয় যোগাযোগসহ ব্যাংকিং কার্যক্রম করতেন।