পল্লী বিদ্যুতের খুঁটি দিয়ে নির্বাচনী প্রচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের খুঁটি নিজের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে।
ওই ইউপি সদস্যের নাম মো. সেন্টু কাজী। তিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর বিদ্যুতের খুঁটি নিজের নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার করছেন।
সেন্টু কাজীর দাবি, পল্লী বিদ্যুৎ সমিতির ওই খুঁটিগুলো তিনি নিলামে কিনেছেন। পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের দাবি, পল্লী বিদ্যুতের কোনো খুঁটি নিলাম করা হয়নি।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ইউপি সদস্য সেন্টু কাজী আসন্ন বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওই নির্বাচনের প্রচারণার জন্য নথুল্লাবাদ বাসস্ট্যান্ডসহ বরিশাল জেলার সব বাসস্ট্যান্ডে পাঁচ শতাধিক বিলবোর্ড স্থাপন করেছেন তিনি। আর ওই বিলবোর্ড স্থাপনের কাঠামো নির্মাণে ব্যবহার করা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর বিদ্যুতের খুঁটি। ওই খুঁটিগুলো নিয়ে করাতকলে চেরাই করে নিজের প্রচারণার কাজে ব্যবহার করছেন সেন্টু কাজী।
বরিশাল জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রমিক মো. হাবিবুর রহমান বলেন, সেন্টু কাজী পল্লী বিদ্যুৎ সমিতির কাঠের খুঁটি চেরাই করে নির্বাচনী প্রচারণার কাজে লাগিয়েছেন। বরিশাল জেলার প্রায় প্রতিটি বাসস্ট্যান্ড ছাড়াও দক্ষিণে কুয়াকাটা, উত্তরে ভুরঘাটা-মাদারীপুর, উত্তর-পশ্চিমে আগৈলঝাড়া-পয়সারহাট, পশ্চিমে স্বরূপকাঠি-বানারীপাড়া এবং পূর্বে হিজলা-মুলাদীর বিভিন্ন স্টেশনে একাধিক ফেস্টুন আর বিলবোর্ড সাঁটিয়ে দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর এক কর্মকর্তা জানান, সেন্টু কাজী বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর একজন ঠিকাদার ও শ্রমিক সর্দার। এই সুযোগে তিনি পল্লী বিদ্যুৎ সমিতিতে থাকা পরিত্যক্ত বিদ্যুতের খুঁটি নিয়ে যান। পরে তিনি সেগুলো নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করেন।
এ ব্যাপারে অভিযুক্ত সেন্টু কাজী বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির কাঠ অবৈধভাবে নেওয়ার অভিযোগ সঠিক নয়। আমি বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে সংস্থার কিছু পরিত্যক্ত ও নষ্ট হয়ে যাওয়া খুঁটি নিলামে ক্রয় করেছি। ওই কাঠের কিছু অংশ চেরাই করে নির্বাচনী বিলবোর্ড তৈরির কাজে লাগানো হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ওই অভিযোগ তুলেছেন।’
এ ব্যাপারে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২–এর মহাব্যবস্থাপক প্রকৌশলী হেম চন্দ্র বৈদ্য প্রথম আলোকে বলেন, ‘পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটি পরিত্যক্ত থাকলেও সেগুলো নিলাম করা হয়নি। নিয়মানুযায়ী পুরোনো পরিত্যক্ত খুঁটি পল্লী বিদ্যুতের সম্পত্তি। ওই কাঠ নিয়ে ব্যক্তিগত কাজে লাগানোর সুযোগ নেই। কেউ ওই কাঠ নিয়ে থাকলে সেটা অবৈধভাবে নিয়েছে। আমাদের পক্ষ থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি।’