পল্লী বিদ্যুতের চ্যালেঞ্জ দুর্নীতি প্রতিরোধ
গ্রামীণ জনগণের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কার্যক্রমের সাফল্যের পথে দুর্নীতিকে বড় বাধা হিসেবে দায়ী করেছেন বিআরইবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন। তিনি বলেছেন, কার্যক্রম সফল করতে দুর্নীতি প্রতিরোধকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
গতকাল শনিবার সকালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) প্রধান কার্যালয়ে আয়োজিত পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর উপমহাব্যবস্থাপকদের (ডিজিএম) সম্মেলনে চেয়ারম্যান এসব কথা বলেন।
সরকার ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করার যে কর্মসূচি নিয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিআরইবির কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে আলোচনার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়। বিআরইবির আওতাধীন দেশের ৭২টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) প্রায় ৩০০ ডিজিএম এ সম্মেলনে অংশ নেন। তৃণমূল পর্যায়ে এরাই পল্লী বিদ্যুৎ কার্যক্রম সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণসহ যাবতীয় কাজের মধ্যমণি।
দালালদের দৌরাত্ম্য, গ্রাহকসেবার নিম্নমান, পদ্ধতিগত লোকসান প্রভৃতিও এ কর্মসূচির সাফল্যের পথে অন্তরায় সৃষ্টি করছে উল্লেখ করে বিআরইবির চেয়ারম্যান বলেন, এখন সবাই বিদ্যুৎ-সংযোগ চায়। সরকারও দিতে চায়। বাড়িতে বিদ্যুৎ না থাকলে আজকাল সে বাড়িতে অনেকে মেয়ে বিয়ে দিতে চান না। যাঁরা সংযোগ দেওয়ার দায়িত্বে আছেন, তাঁদের অনেকে এ পরিস্থিতির সুযোগ নেন। আগে সংযোগ দেওয়ার কথা বলে ঘুষ নেন তাঁরা। গ্রামের সাধারণ মানুষ গরু-ছাগল বিক্রি করে টাকা দেন। অনেক ডিজিএমের বিরুদ্ধে অভিযোগ আসে। তাঁদের সঙ্গে কিছু ইলেকট্রিশিয়ান ও ঠিকাদারসহ একশ্রেণির দালাল যুক্ত হয়েছে।
ব্রিগেডিয়ার মঈন বলেন, ‘আবাসিক সংযোগের ক্ষেত্রে কোনো অবস্থায় না বলা যাবে না। বর্তমানে প্রায় সাড়ে ছয় লাখ আবেদন জমা আছে। ঘুষ লেনদেনের দর-কষাকষির জন্য এত আবেদন জমা পড়ে আছে বলে অভিযোগ পাচ্ছি। জুন মাসের মধ্যে এসব সংযোগ দিতে হবে। এরপর দরকার হলে গ্রাহক খুঁজে সংযোগ দিতে হবে।’
জমে থাকা ‘ডিপোজিট ওয়ার্ক’ও (যেখানে বিআরইবির কার্যক্রম পৌঁছাতে বিলম্ব হবে বলে গ্রাহক টাকা দিয়ে লাইন নিতে চান) জুন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়ে বিআরইবির চেয়ারম্যান বলেন, গ্রাহকের টাকা নিয়ে বছরের পর বছর কাজ ফেলে রাখা হয়। টাকা ব্যাংকে জমা রেখে সুদ খাওয়া হয়। এগুলো চলবে না। ডিজিএমদের বেতন ও ক্ষমতা বাড়ানোর কথা উল্লেখ করে বিআরইবির চেয়ারম্যান বলেন, ‘কিন্তু কাজে আপনাদের উদ্যোগহীনতা দেখছি। একটি বিতরণ লাইন তিন দিন বন্ধ হয়ে থাকারও পরও খবর না রাখার নজির আছে। বিদ্যুতের লাইন ও মানুষের নিরাপত্তার জন্য নিয়মিত লাইনের পাশের গাছ কাটতে হয়। এ জন্য বরাদ্দ অর্থ ব্যয় হয়। কিন্তু গাছ কাটা হয় না। সরকার তথা জনগণের টাকা চলে যায় কারও কারও পকেটে।’
ব্রিগেডিয়ার মঈন বলেন, বর্তমানে বিআরইবির গড় পদ্ধতিগত লোকসান ১২ দশমিক ৩৫ শতাংশ। গত ছয় বছরে ৩ দশমিক ২৫ শতাংশ কমে এই পর্যায়ে এসছে। কিন্তু কোনো কোনো সমিতির পদ্ধতিগত লোকসান ২৩ শতাংশের বেশি। অথচ ১ শতাংশ লোকসান কমাতে পারলে ১২০ কোটি টাকা সাশ্রয় হয়। সেই উদ্যোগ সব পিবিএসের সমান হতে হবে।