পল্লী বিদ্যুতের জন্য আট বছর ধরে অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুতের আলো জ্বালানোর আশায় ঘরে ঘরে ওয়্যারিং করা হয়েছে। বৈদ্যুতিক বাতি, ফ্যানও ঘরে লাগিয়েছেন অনেকে। কিন্তু ভাগ্যে জুটেছে শুধু বিদ্যুতের তার টানানো কিছু খাম্বা। এরই মধ্যে প্রায় আট বছর কেটে গেলেও লাইনটির কাজ শেষ হয়নি।
চিত্রটি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পশ্চিম নাওড়ী গ্রামের। বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত ২০০৬ সালের ২২ মার্চ পশ্চিম নাওড়ী গ্রামের সালে আহমঞ্চদ গ্রামবাসীর পক্ষে বিদ্যুতের জন্য নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক বরাবরে আবেদন করেন। ওই আবেদনে সুপারিশ করেন তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও স্থানীয় সরকার পল্লী উন্নয়নমন্ত্রী।
এরপর স্থানীয় সাংসদের কোটায় পল্লী বিদ্যুৎ সমিতি পশ্চিম নাওড়ী গ্রাম বিদ্যুতায়িত করার উদ্যোগ নেয়। যার আলোকে ২০০৬-০৭ অর্থবছরে বিদ্যুৎ লাইনটির কাজ শুরু হয়। কিছু কাজ হওয়ার পর সরকার পরিবর্তন হলে ওই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়। এতে বিদ্যুতের জন্য তালিকাভুক্ত ১৮০ গ্রাহকের ভাগ্যও ঝুলে যায়।
পশ্চিম নাওড়ী গ্রামের জমির বাড়ির আবুল কালাম পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ লাইন আইব হুনি খুশিয়ে বুক বরি গেছে। তাড়াহুড়া করি ঘর ওয়্যারিং কইচ্ছি। কিন্তু বছরের হর বছর কাডি গেলেও বিদ্যুৎ হাই ন।’
আবুল কালাম আরও বলেন, ‘পার্শ্ববর্তী সোনাপুর এলাকার জসিম উদ্দিনকে পল্লী বিদ্যুতের লোক হিসেবে সবাই চেনেন। তাঁর কথামতো আমাদের বাড়ি থেকেই ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়েছে জসিমকে। বিনিময়ে পাইছি কেবল খাম্বা।’
খোঁজ নিয়ে জানা গেছে, শুধু জমির বাড়িই নয়; স্থানীয় একটি চক্র জসিমের মাধ্যমে ব্যাপারী বাড়ি, তাজের বাড়ি, আইছের বাড়ি, হাজী বাড়ি ও বড় বাড়ি থেকে প্রায় সাড়ে ছয় লাখ টাকা নেওয়া হয় পল্লী বিদ্যুৎ সমিতির নামে। বড় বাড়ির মাহবুবুর রহমান নিজই বিভিন্ন বাড়ি থেকে সাড়ে তিন লাখ টাকা তুলে জসিমকে দিয়েছেন বলে জানিয়েছেন।
জিজ্ঞাসা করলে জসিম উদ্দিন নাওড়ী গ্রামের কয়েকটি বাড়িতে বিদ্যুৎ দেওয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেন।
তিনি প্রথম আলোকে বলেন, বিএনপির তৎকালীন স্থানীয় কয়েকজন নেতা-কর্মী এবং পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ও কর্মকর্তাদের চাহিদা অনুযায়ী তিনি লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন।
জানতে চাইলে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) শংকর লাল দত্ত প্রথম আলোকে বলেন, প্রকল্প বাতিল হওয়ায় লাইনটির নির্মাণকাজ এত দিন বন্ধ ছিল। তবে সম্প্রতি নতুন একটি প্রকল্পের অধীন লাইনটির অসমাপ্ত কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধভাবে টাকাপয়সা নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতিতে লাইন নির্মাণের কোনো সুযোগ নেই। গ্রামের লোকেরা এ বিষয়ে সুনির্দিষ্টভাবে লিখিত অভিযোগ দিলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।