পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ খুঁটি সরানোর উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের পূর্ব রাজুরগাঁও গ্রামের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভিএ লাইনের একটি খুঁটি ভেঙে মাঠের ধানখেতের দিকে পড়েছে প্রায় ছয় মাস আগে। কিন্তু খুঁটিটি অদ্যাবধি সরানোর কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, রাজুরগাঁও গ্রামের মাঠের ওপর দিয়ে পল্লী বিদ্যুতের ১১ হাজার কেভিএ লাইনটি টানা হয়েছে। গত তিন-চার মাস আগে খুঁটিটি ভেঙে কাত হয়ে পড়েছিল ফসলের জমির ওপর। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয়ভাবে বিষয়টি পল্লী বিদ্যুতের আঞ্চলিক কার্যালয় ও অভিযোগ কেন্দ্রে জানানো হলেও তাঁরা ভেঙে পড়া খুঁটি অপসারণে কোনো পদক্ষেপ নেননি। বর্তমান অবস্থায় খুঁটিটি চালু অবস্থায় মাঠে হেলে পড়লে যেকোনো মুহূর্তে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।গ্রামের কৃষক আবদুল জলিল প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ লাইনের নিচে ফসলি জমি। জমিতে এখন আমন ফসল। বিদ্যুৎ লাইন ফসলের জমির মধ্যে হেলে থাকায় খেতে যতক্ষণ থাকি ভয়ের মধ্যে থাকতে হয়; না জানি কখন লাইনটি ভেঙে পড়ে। এ অবস্থায় শ্রমিকেরাও ভয়ে লাইনটির নিচের খেতে কাজ করতে চান না।জানতে চাইলে খুঁটি ভেঙে হেলে পড়ার কথা নিশ্চিত করেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সবুজ কান্তি আচার্য। তিনি প্রথম আলোকে বলেন, খুঁটিটি অপসারণের জন্য এরই মধ্যে একটি নতুন খুঁটি কাছাকাছি স্থানে রাখা হয়েছে। মাঠে পানি থাকায় খুঁটি বসাতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে, খুঁটিটি যে অবস্থায় আছে তাতে দুর্ঘটনার সম্ভাবনা কম বলে তিনি উল্লেখ করেন।