পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে নিহত ২, আহত ১০
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছে। উপজেলার গারাগ্রাম ইউনিয়নের খামার গারাগ্রামে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে পড়লে রাশিদা বেগম (২৭) নামের এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে উদ্ধার করতে গিয়ে ঘটনাস্থলে প্রতিবেশী এক যুবক সাজেদুর রহমান (৩০) মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আহত আরেক যুবক তারিকুল ইসলাম (২৮) মারা যান। ওই ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রামটি কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ও রণচণ্ডী ইউনিয়নের সীমানায় অবস্থিত। গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান (৩০) বলেন, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিপ্লব হোসেনের ঘরের ওপর পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়ে। সে সময় বিপ্লব হোসেনের স্ত্রী রাশিদা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের ভেতর মেঝেতে পড়ে যান। আশপাশে আগুন জ্বলতে থাকে।
মাহফুজুর রহমান বলেন, ‘রাশেদার চিৎকার শুনে আমি পল্লী বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে মুঠোফোনে যোগাযোগ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করি।’ সে সময় বিপ্লব হোসেন বাড়িতে ছিলেন না। পরে তাঁকে খবর দেওয়া হলে তিনি বাড়িতে একটি পিকআপ নিয়ে আসেন। ওই পিকআপে স্বজনদের সঙ্গে স্ত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিয়ে প্রতিবেশীদের নিয়ে আগুন নেভাতে ঘরে প্রবেশ করেন। ঘটনার প্রায় আধা ঘণ্টা পর কয়েক সেকেন্ডের জন্য বিদ্যুৎ সরবরাহ চালু হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান প্রতিবেশী সাজেদুর রহমান। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান প্রতিবেশী কফিল উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম।
নিহত সাজেদুর রহমান একটি মসজিদে ইমামতি করতেন এবং তারিকুল রংপুর কারমাইকেল কলেজ থেকে এমএ পাস করার পর চাকরি খুঁজছিলেন। তাঁর তিন বছরের একটি ছেলে রয়েছে।
সেখানে কথা হয় নীলফামারী-৩ জলঢাকা কিশোরগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফার সঙ্গে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির অবহেলার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে দাবি করে ক্ষোভ প্রকাশ করেন।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আশরাফুজ্জামান বলেন, ‘দুজনের মৃত্যুর ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। নিহত সাজেদুর রহমানের বাবা জাবেদ আলী বাদী হয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।’
এ ঘটনায় দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে জানিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মকছেমুল হাকিম বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে সেখানকার টেপার হাট অভিযোগ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহম্মেদ ও লাইনম্যান রুবেল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক ইনসের আলী বলেন, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার কারণে সেখানে সরবরাহ লাইনের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।