পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে দুর্ঘটনায় আরও একজন মারা গেছে। ওই ঘটনায় আহত নাইম নামের এক কিশোর আজ মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিনজনে।

গত রোববার রাত আটটার দিকে কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম গ্রামের বিপ্লব হোসেনের ঘরের ওপর পল্লী বিদ্যুতের সরবরাহ লাইনের তার ছিঁড়ে পড়লে ওই দুর্ঘটনা ঘটে। বিপ্লব হোসেনের স্ত্রী রাশিদা বেগম ঘরের ভেতর বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘরের চারপাশে আগুন লেগে যায়। রাশিদা বেগমকে উদ্ধার করতে এসে ঘটনাস্থলে নিহত হন গ্রামের জাবেদ আলীর ছেলে সাজেদুর রহমান (৩০)। হাসপাতালে নেওয়ার পথে মারা যান কফিল উদ্দিনের ছেলে তারিকুল ইসলাম (২৮)। আহত আরও ১০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আহত নাইম (১৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান মারুফুল ইসলাম নাইমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নাইম রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের মো. ভুট্টোর ছেলে। সে খামার গাড়াগ্রামে নানা তহুর উদ্দিনের বাড়িতে থেকে খামার গাড়াগ্রাম উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।

অারও পড়ুন:-