পল্লী বিদ্যুতের তিন গ্রাহককে জরিমানা
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা অঞ্চলের (জোন) আওতায় গত সোমবার তিন গ্রাহককে ২১ হাজার ২১৫ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ওই গ্রাহকদের কাছ থেকে পরে জরিমানার টাকা আদায় করেন আদালত৷
গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিউলি রহমান ওই আদালত পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-টেকনিক্যাল) মো. ইউসুফ আলীসহ বিদ্যুৎ কার্যালয়ের লোকজন উপস্থিত ছিলেন।
পল্লী বিদ্যুৎ কার্যালয় থেকে জানা গেছে, অবৈধ বিদ্যুৎ-সংযোগের অভিযোগে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চন্দ্রা জোনের আওতায় সোমবার দুপুরে ওই অভিযান চালানো হয়। অভিযানে কালিয়াকৈরের বোয়ালী ইউনিয়নের চাবাগান এলাকার বাণিজ্যিক দুই গ্রাহক জালাল উদ্দিনকে চার হাজার ৩৪৬ টাকা ও হাফিজুর রহমানকে চার হাজার ৮৪৬ টাকা এবং আবাসিক গ্রাহক জামাল হোসেনকে ১২ হাজার ২৩ টাকা জরিমানা করা হয়।
পল্লী বিদ্যুতের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-টেকনিক্যাল) মো. ইউসুফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।