পল্লী বিদ্যুতের নতুন সংযোগের জন্য চার বছর অপেক্ষা!
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া গ্রামের মো. মজিবুর রহমান পল্লী বিদ্যুতের একটি বাণিজ্যিক সংযোগের জন্য আবেদন করেছেন ২০০৮ সালের নভেম্বর মাসে ১৮ তারিখে। এরপর শুরু হয় অপেক্ষার পালা। কেটে যায় প্রায় তিন বছর।২০১১ সালের ১১ সেপ্টেম্বর তাঁকে পল্লী বিদ্যুতের কোম্পানীগঞ্জ আঞ্চলিক কার্যালয় থেকে একটি নোটিশ দেওয়া হয়। নোটিশের মাধ্যমে জানানো হয়, তিনি যে ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছেন, সেটি ‘ওভারলোডেড’। তাই আপাতত নতুন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।পরবর্তী সময়ে ট্রান্সফরমার আপগ্রেডিং ও অন্যান্য মালামাল প্রাপ্তি সাপেক্ষে সংযোগ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়।কিন্তু বিপত্তি দেখা দেয় শনিবার ওই বাজারে একই ট্রান্সফরমার থেকে আলমগীর হোসেন নামের এক প্রবাসীকে বাণিজ্যিক সংযোগ দেওয়ায়, যিনি সংযোগের আবেদন করেছেন ২০০৯ সালে।প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি স্বীকারও করেছেন, মজিবুর রহমানের পরে তিনি বিদ্যুৎসংযোগের আবেদন করার কথা। তবে, এ জন্য তাঁকে প্রথমে অফিসে তিন হাজার টাকা, পরে আরও এক হাজার ৪০০ টাকা দিতে হয়েছে। মজিবুর রহমান অভিযোগ করেন, কোম্পানীগঞ্জের পল্লী বিদ্যুৎ কার্যালয়ে নতুন সংযোগের আবেদন জমা দেওয়ার পর পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় পরিবেশক (ডিলার) ফরিদ উদ্দিন তাঁকে ওয়ারিং ইন্সপেক্টর গোপাল চন্দ্রের সঙ্গে দেখা করতে পরামর্শ দেন। দেখা না করায় তাঁর আবেদনটি ঝুলিয়ে রাখা হয়। পাশাপাশি অবৈধ অর্থের বিনিময়ে তাঁর পরে আবেদনকারীকে সংযোগ দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মজিবুর রহমানসহ স্থানীয় একদল লোক শনিবার বিকেলে পল্লী বিদ্যুতের পেশকারহাট অভিযোগ কেন্দ্রের ফটকে তালা ঝুলিয়ে দেয়।পরবর্তী সময়ে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা সেখানে গিয়ে অনিয়মের বিচারের আশ্বাস দিলে ক্ষুব্ধ লোকজন তালা খুলে দেয়। পল্লী বিদ্যুতের একজন পরিবেশক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়গুলোতে এখন অবৈধ অর্থের লেনদেন অনেকটাই ‘অপেন সিক্রেট’। কোনো কোনো কর্মকর্তার বাসায় গিয়েও টাকা দিয়ে আসতে হয়। না হলে নতুন সংযোগের ফাইল অনুমোদনে কালক্ষেপণ করা হয়।এসব বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) সবুজ কান্তি আচার্য গতকাল সোমবার বলেন, কোম্পানীগঞ্জের পেশকারহাটের বিষয়টি তাঁর নজরে এসেছে। এরই মধ্যে বিষয়টি তদন্তে একটি কমিটি করে দেওয়া হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।অবৈধ অর্থের লেনদেন ছাড়া নতুন সংযোগ হয় না—এমন অভিযোগ প্রসঙ্গে জিএম বলেন, ‘এ রকম ঘটনা যে একেবারেই হয় না, তা আমি মানি না। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না পেলে ঢালাওভাবে তো ব্যবস্থা নেওয়া যায় না।’