পল্লী বিদ্যুতের ভুল, গ্রাহকের গচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ বরগুনার বেতাগী উপজেলার গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত প্রায় ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত আগস্টের বিদ্যুৎ বিল চলতি মাসের শুরুতে স্থানীয় ব্যাংকে পরিশোধ করার পর গ্রাহকদের কাছে বিষয়টি ধরা পড়ে।পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) বরগুনা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক আবদুর রব বলেন, ‘কম্পিউটার সফটওয়্যারে সমস্যার কারণে বিলের যোগফলে ভুল হয়েছে। এ কারণে বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছে। বিলের অতিরিক্ত টাকা পরবর্তীকালে সমন্বয় করে দেওয়া হবে।’খোঁজ নিয়ে জানা গেছে, বেতাগী পৌর এলাকা ও উপজেলার সাতটি ইউনিয়নে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় সাত হাজার ৫০৯ জন গ্রাহক রয়েছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ চলতি মাসের প্রথম সপ্তাহে গত আগস্ট মাসের বিদ্যুৎ বিল গ্রাহকদের কাছে পাঠায়। চলতি মাসের মাঝামাঝি এই বিল গ্রাহকেরা স্থানীয় কৃষি, অগ্রণী ও সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় পরিশোধ করেন। বিল পরিশোধ করার পর কিছু গ্রাহক দেখেন তাঁদের বিলের কাগজে ব্যবহূত ইউনিটের বিলের চেয়ে দেড়-দুই গুণ পর্যন্ত বেশি লিখে দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হয়ে গেলে সব গ্রাহকই তাঁদের বিলের কাগজ মিলিয়ে দেখে অসংগতি পান। প্রত্যেকের বিলের যোগফলে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত যোগ করে বিল দেওয়া হয়েছে। হোসেন আলী হাওলাদার নামে বেতাগী শহরের একজন গ্রাহক অভিযোগ করেন, গত আগস্ট মাসে তাঁকে এক হাজার ৫৯০ টাকার বিল দিয়েছে আরইবি কর্তৃপক্ষ। কিন্তু তিনি বিলের যোগফল মিলিয়ে দেখেন এক হাজার ২৮৫ টাকা। একইভাবে বেতাগী শহরের সদর রোডের বাসিন্দা আবুল কাশেমকে ৯০৫ টাকার স্থলে এক হাজার আট টাকা এবং রানীপুর গ্রামের আজাহার আলীকে ৩৯৫ টাকার স্থলে ৬০০ টাকা অতিরিক্ত বিল দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষোভ নিরসনে আমি গত মঙ্গলবার গ্রাহকদের নিয়ে বৈঠক করেছি। সেখানে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা অতিরিক্ত বিল প্রদানকারী গ্রাহকদের টাকা ফেরত দেবেন বলে আশ্বাস দিয়েছেন।’ বিদ্যুৎ গ্রাহক ও বেতাগী পৌরসভার সাবেক মেয়র আবুল কাশেম বলেন, ‘এ ঘটনায় আমরা ক্ষুব্ধ ও বিসিঞ্চত। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা ভুল স্বীকার করলেও আমাদের ধারণা, এটা বড় ধরনের জালিয়াতি। এর আগেও এমন ঘটনা ঘটেছে। এবার প্রায় ১০ লাখ টাকা অতিরিক্ত নিয়েছে বলে আমার ধারণা।’