পল্লী বিদ্যুতের মিটার রিডারদের কর্মবিরতি
পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর মিটার রিডার ও মেসেঞ্জাররা চার দফা বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু করেছেন।
গতকাল বুধবার সকাল নয়টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা আমিরাবাগ এলাকায় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর শতাধিক মিটার রিডার ও মেসেঞ্জাররা তাঁদের কাজ বন্ধ করে কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন।
জানা গেছে, দেশের সব পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও মেসেঞ্জারদের চাকরি স্থায়ীকরণ, কর্মচারী ছাঁটাই বন্ধ ও পুনরায় নিয়োগ-প্রক্রিয়া চালুসহ বেশ কয়েকটি দাবি বাস্তবায়নে তাঁরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেছেন।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর মিটার রিডার হারুণ অর রশিদ বলেন, তাঁদের কার্যালয়ে ১৫০ জন মিটার রিডার ও মেসেঞ্জার রয়েছেন। তিন বছর করে নয় বছর তাঁদের চুক্তিভিত্তিক কাজ করতে হয়। এর মধ্যে যাঁদের নয় বছর চুক্তির মেয়াদ শেষ হয়, তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ফলে পরিবার-পরিজন নিয়ে তাঁদের সংকটে পড়তে হয়। এ কারণে চাকরি স্থায়ী করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন। তাঁদের চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই লাগাতার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।