পল্লী বিদ্যুতের শহরমুখী কার্যক্রমের প্রতিবাদ
দক্ষিণাঞ্চলের ২১ জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির শহরমুখী কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছেন ওয়েস্ট পাওয়ার জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তাঁরা বলেন, গ্রাহকসেবা ও বিদ্যুৎ বিতরণে পল্লী বিদ্যুতের চেয়ে ওজোপাডিকো এগিয়ে থাকলেও অশুভ উদ্দেশ্যে চক্রান্ত করা হচ্ছে।
ওজোপাডিকো কর্মকর্তা-কর্মচারী সংগ্রাম পরিষদ যশোর সার্কেল কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। কমিটির আহ্বায়ক শাহানুর হোসেন লিখিত বক্তব্যে বলেন, ওজোপাডিকোর বর্তমান গ্রাহকসংখ্যা এখন সাড়ে ৯ লাখ। সিস্টেম লস এখন সিঙ্গেল ডিজিটে ((৯ দশমিক ৯০) নেমে এসেছে। ২০০৮ সালে ওজোপাডিকোর অধীনে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী ছিল ৪৭ শতাংশ। ২০১৬ সাল শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ৭২ শতাংশে। বিপরীতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) প্রতিষ্ঠার ৩৯ বছরে ২২ শতাংশ মানুষের বিদ্যুৎ-সুবিধা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। ৭৯টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে আরইবি সেবা দিলেও সন্তোষজনক নয়। এ ছাড়া ৭টি পল্লী বিদ্যুৎ সমিতি ছাড়া অন্য সব অলাভজনক প্রতিষ্ঠান। অথচ পল্লী বিদ্যুৎ ওজোপাডিকোর এলাকায় লাইন মেরামত করছে। শুধু তা-ই নয়, ৮ জানুয়ারি বিদ্যুৎ বিভাগের একটি সভায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে আগ্রাসনকেন্দ্রিক প্রস্তাব রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্যসচিব সৈয়দ রফিকুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লাহ ফারুক, ওজোপাডিকো বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ যশোর শাখার সভাপতি শহিদুল আলম, ওজোপাডিকো ডিপ্রকৌসর সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল করিম প্রমুখ।