পল্লী বিদ্যুতের সংযোগ পেতে বিড়ম্বনা
নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মশিয়ার রহমান পল্লী বিদ্যুতের মিটারের জন্য সমীক্ষা ফি জমা দেন ২০১১ সালের ১৮ নভেম্বর। সংযোগ পেতে গত এক বছরে পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ে বহুবার ধরনা দিয়েছেন। সর্বশেষ গত বুধবার ওই কার্যালয়ে গেলে তাঁর সমীক্ষা ফির রসিদের ওপর লিখে দেওয়া হয়েছে, ‘আবেদনপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। রেজিস্ট্রারে নাম নেই।’ওই কার্যালয় থেকে বের হওয়ার সময় মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ‘এ অফিসের কোনো নিয়মনীতি নেই।’ শুধু তিনি একা নন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাধীন লোহাগড়ার লক্ষ্মীপাশা আঞ্চলিক কার্যালয়ে দীর্ঘদিন ধরে ধরনা দিয়েও বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন না গ্রাহকেরা।ওই কার্যালয় সূত্রে জানা গেছে, সংযোগ পেতে সমীক্ষা ফি জমা দিয়ে আবেদন করেছেন এমন পাঁচ শতাধিক গ্রাহক এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ পাননি। এর মধ্যে দুই শতাধিক গ্রাহক মিটারের টাকাও জমা দিয়েছেন।বুধবার সরেজমিনে দেখা গেছে, লক্ষ্মীপাশা আঞ্চলিক কার্যালয়ে অনেক লোক এক কক্ষ থেকে অপর কক্ষে ছোটাছুটি করছেন। বিভিন্ন কর্মকর্তার কাছে ধরনা দিচ্ছেন আবেদনকারীরা।আবেদনকারীদের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁদের অনেকেই দীর্ঘ দুই-তিন বছর ধরে কার্যালয়ে ঘুরছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। লোহাগড়া পৌর এলাকার গন্ধবাড়িয়া গ্রামের আবদুস সোবহান বলেন, এক বছর আগে তিনি সমীক্ষা ফি জমা দিয়েছেন। গত ১৮ মে মিটারের টাকা জমা দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত সংযোগের কোনো খবর নেই। তিনি বলেন, ‘কতবার যে অফিসে এসেছি, তার হিসাব নেই। অথচ আমার প্রতিবেশী অনেক পরে আবেদন করেও মিটার পেয়ে গেছেন। ঘুষ দিলে আমিও আগেই পেয়ে যেতাম।’ লক্ষ্মীপাশা গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম একই অভিযোগ করে বলেন, ‘এ অফিসে কোনো নিয়ম-শৃঙ্খলা নেই।’নাম প্রকাশ না করার শর্তে কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি লোকজনের কাছ থেকে টাকা নিয়ে অফিসে চাপ প্রয়োগ করে কাজ হাতিয়ে নেন। তাঁরা টাকা নেন, কিন্তু নাম হয় অফিসের। কার্যালয়ের জুনিয়র প্রকৌশলী আবদুস শুকুর বলেন, ঘুষ গ্রহণ করে সংযোগ দেওয়ার অভিযোগ সঠিক নয়। মিটারের সিল ও সার্ভিস প্রয়োজনের তুলনায় অল্প থাকায় এবং আবেদনকারীর সংখ্যা বেশি হওয়ায় সংযোগ দিতে দেরি হচ্ছে। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর লোহাগড়া অঞ্চলের পরিচালক মো. মিরাজুল ইসলাম বলেন, কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ‘ধীরে চলো নীতি’ কৌশল অবলম্বনের কারণেও সংযোগে দিতে দেরি হচ্ছে বলে জানান তিনি।