পল্লী বিদ্যুতের ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ বিল কম দেখিয়ে প্রায় সাড়ে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চার কর্মকর্তা-কর্মচারী ও একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় মামলাটি করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা হলেন এইচ এইচ টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাজুল ইসলাম ঢালী, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক স্বদেশ চন্দ্র সাহা, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সহকারী মহাব্যবস্থাপক নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান নুরুল হক ও লাইনম্যান শাহরোম বেগ।
মামলার এজাহারে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত এইচ এইচ টেক্সাইল মিলস লিমিটেডের ২০০৫ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত কম বিল দেখিয়ে সরকারের ৮ কোটি ৩৫ লাখ ২৪ হাজার ৭৭৬ টাকা পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেছেন অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ সংযোগ নিয়ে ২১২৫১৪৪৬ নম্বর মিটারের বিপরীতে কম বিল দেখানো হয়। ওই সময় রূপগঞ্জে কর্মরত বিদ্যুৎ বোর্ডের এসব কর্মকর্তা এ কাজে সহায়তা করেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ হওয়ায় মামলা করা হয়েছে।