পল্লী বিদ্যুৎ কর্মকর্তাকে পেটানো ছাত্রলীগ নেতার কারাদণ্ড
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাগমারার আঞ্চলিক দপ্তরের মহাব্যবস্থাপক ফসিউল হককে পেটানো ছাত্রলীগ নেতাকে গত সোমবার দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই নেতার নাম নাহিদ হাসান (২৮)। তিনি উপজেলার চানপাড়া গ্রামের রফাতুল্যাহর ছেলে এবং ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সভাপতি।
মামলার বাদীপক্ষের আইনজীবী এজাজুল হক বলেন, ২০১৫ সালের ১০ আগস্ট সন্ধ্যায় পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক ফসিউল দাপ্তরিক কাজ শেষে বাড়ি ফিরছিলেন। তিনি চানপাড়া মোড়ে পৌঁছালে নাহিদ হাসান তাঁর গতি রোধ করেন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ছাত্রলীগের নেতা সঙ্গীসহ তাঁকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। পরে তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পরই পল্লী বিদ্যুতের কর্মকর্তা থানায় ছাত্রলীগের নেতা ও তাঁর বাবাকে আসামি করে একটি মামলা করেন। পরে নাহিদ হাসানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান। সাক্ষ্য গ্রহণ শেষে গত সোমবার রাজশাহীর জ্যেষ্ঠ নির্বাহী হাকিম আদালত-১-এর জে৵ষ্ঠ নির্বাহী হাকিম শাহনাজ পারভিন তাঁকে দুই বছেরর কারাদণ্ড, এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।