পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মী বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সিয়াম খানের পল্লী বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে আহত হওয়ার ঘটনায় দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে দুটি তদন্ত কমিটি।
সিয়াম খান (১৭) শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী গ্রামের দরিদ্র জাহাজশ্রমিক ফারুক খানের ছেলে। সে ৬ এপ্রিল দুপুরে বাড়ির পাশে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসকদের পরামর্শে তার দুটি হাত কবজির ওপর থেকে কেটে ফেলতে হয়েছে। ‘দুর্ঘটনার জন্য দায়ী কে? দুটি হাত কেটে ফেলতে হয়েছে সিয়ামের’ শিরোনামে ২৪ এপ্রিল প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।
সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান আক্তার হোসেন ও উজ্জ্বল হোসেন। দায়িত্বে অবহেলার অভিযোগে ২৫ এপ্রিল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মানবসম্পদ বিভাগ থেকে তাঁদের বরখাস্তের আদেশ আসে। ওই দুই কর্মীকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সিলেট কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
২৫ এপ্রিলের ওই ঘটনায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই দিন শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি থেকে উপমহাব্যবস্থাপক শাহ আলম ও সহকারী মহাব্যবস্থাপক আসিফ উদ্দিনকে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্য আসিফ উদ্দিন গতকাল বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন সিয়ামকে দেখতে যান।
সিয়ামের বাবা ফারুক খান প্রথম আলোকে বলেন, ‘দারিদ্র্য জয় করার স্বপ্ন দেখাত আমাদের ছেলেটি। ওর জীবন এখন দুঃস্বপ্নে ভরে গেল। ২১ দিন যাবৎ আমাদের চোখের সামনে সিয়াম ছটফট করছে। ওর পাশে বসে আমরা অশ্রু ঝরাচ্ছি। প্রতিদিন ৮ থেকে ১০ হাজার টাকা ব্যয় করতে হচ্ছে। ধারদেনা করে এ পর্যন্ত দেড় লাখ টাকা ব্যয় করেছি। ওর চিকিৎসায় এখনো অনেক টাকা লাগবে। আমি গরিব মানুষ এত টাকার জোগান কোথা থেকে দেব?’
শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক সোহরাব আলী বিশ্বাস বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে দুজন লাইনম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুটি তদন্ত কমিটি বিষয়টি তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।