গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) নয় কর্মকর্তা-কর্মচারী ৮০ লাখ ২২ হাজার টাকা আত্মসাৎ করেছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) এর প্রমাণ পেয়েছে।আত্মসাৎ করা টাকা সমিতির কোনাবাড়ী ও বোর্ডবাজার আঞ্চলিক কার্যালয়ের আওতাধীন গ্রাহকদের বিদ্যুৎ বিলের বিপরীতে মূসক, বিলম্ব মাশুল ও মিটার ভাড়া বাবদ আদায় করা টাকার একাংশ। কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের আত্মসাৎকারীদের মধ্যে আছেন: সাবেক উপমহাব্যবস্থাপক মাহমুদ জামাল, সহকারী মহাব্যবস্থাপক মো. ফসিউল হক, হিসাবরক্ষক (বরখাস্ত) শাহানা পারভীন ও বিলিং সুপারভাইজার মো. সিরাজুল ইসলাম। বোর্ডবাজার আঞ্চলিক কার্যালয়ের আত্মসাৎকারী ব্যক্তিরা হলেন: সাবেক উপমহাব্যবস্থাপক ও বর্তমানে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক ইমরুল হাসান ভূঁইয়া, সাবেক উপমহাব্যবস্থাপক ও বর্তমানে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. ছানোয়ার হোসেন, সহকারী মহাব্যবস্থাপক মো. বাবুল হোসেন, বিলিং সুপারভাইজার শিরিনা বেগম ও বিলিং সহকারী মলি খানম।এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের অনুসন্ধানে এসব তথ্য বের হয়ে আসে। দুদকের অনুসন্ধান ও তদন্ত বিভাগের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম এই অনুসন্ধান করেন। এ বিষয়ে দ্রুত মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে দুদক সূত্র জানায়।অভিযুক্ত কর্মকর্তারা প্রায় আড়াই বছর ধরে ওই অর্থ আত্মসাৎ করেন। এর আগে তাঁদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু তাঁরা বিভিন্ন সময় গ্রাহকদের কাছ থেকে বিলের ওপর ভ্যাট, বিলম্ব মাশুল ও মিটার ভাড়া আদায় করতেন। আদায় করা অর্থের কিছু সরকারি কোষাগারে দিয়ে বাকিটা নিজেরাই ভাগাভাগি করে নিতেন। দুদক অনুসন্ধান করে জেনেছে, কোনাবাড়ী ও বোর্ডবাজার আঞ্চলিক কার্যালয়ের বিলিং সুপারভাইজার, বিলিং সহকারী ও ক্যাশিয়ার যোগসাজশ করে আদায় করা অর্থে গরমিল করতেন। তাঁদের ওই অপকর্ম অনুমোদন করতেন কার্যালয় দুটির উপমহাব্যবস্থাপক ও সহকারী মহাব্যবস্থাপকেরা।ওই নয় কর্মকর্তা ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের এপ্রিল পর্যন্ত দৈনিক আদায় রেজিস্টার, বিল আদায়ের এক হাজার ১৫০টি বইয়ের বিপরীতে মূসক আদায় করে ৬০ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন। একই সময় গ্রাহকদের বিলম্ব মাশুল আদায় করে পাঁচ লাখ ৪৩ হাজার টাকা এবং মিটার ভাড়া বাবদ আদায় করা এক লাখ ২০ হাজার টাকাও তাঁরা আত্মসাৎ করেন। এ ছাড়া বিল আদায় প্রতিবেদনে গরমিল করে কোনাবাড়ীর কর্মকর্তা-কর্মচারীরা আরও ৬০ হাজার টাকা এবং বোর্ডবাজারের কর্মকর্তারা ১২ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেন।দুদকের অনুসন্ধানে অর্থ আত্মসাতের ক্ষেত্রে সবচেয়ে বেশি সংশ্লিষ্টতা পাওয়া গেছে কোনাবাড়ীর (বর্তমানে বরখাস্ত) হিসাবরক্ষক শাহানা পারভীনের। তিনি শুধু এক দিনেই দৈনিক আদায় রেজিস্টারে ২১ হাজার টাকা গরমিল করেছেন বলে প্রমাণ পেয়েছে দুদক। ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর আদায় করা ৩২ লাখ টাকা বিদ্যুৎ বিলের বিপরীতে এক লাখ ৬০ হাজার টাকা মূসক আদায় করা হয়। মূসকের ওই অর্থ থেকে তিনি এক লাখ ৩৯ হাজার টাকা জমা দেন। অবশিষ্ট অর্থ আত্মসাৎ করেন। একইভাবে বিলিং সহকারী মলি খানম ২০০৬ সালের ৬ এপ্রিল দৈনিক আদায় রেজিস্টারে গরমিল করেন। উল্লিখিত সময়ে তাঁরা দুজন মিলে গ্রাহকদের নিট বিদ্যুৎ বিল ১০ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকার বিপরীতে মূসক বাবদ ৫০ লাখ ৭২ হাজার টাকা আদায় করেন। কিন্তু সরকারি কোষাগারে জমা দেন মাত্র ৩৮ লাখ ১৫ হাজার টাকা। অবশিষ্ট ১২ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেন। অর্থের বিনিময়ে এসব গরমিলের অনুমোদন দিয়েছেন উপমহাব্যবস্থাপকেরা।