পল্লী সঞ্চয় ব্যাংক বাস্তবায়নের দাবি
অনুমোদনের অপেক্ষায় মন্ত্রণালয়ে পড়ে থাকায় সংসদে পেশ করা যাচ্ছে না পল্লী সঞ্চয় ব্যাংক আইন ২০১৩। ফলে ব্যাংকটি বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অবিলম্বে ব্যাংকটি বাস্তবায়নের দাবি জানিয়েছে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।
গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষদ এ দাবি জানায়। পরিষদের সভাপতি রতন কুমার বৈদ্য বলেন, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের আপত্তির কারণে আইনটি আটকে আছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে আইনটি পাসের জন্য সংসদে পেশ করা যাবে।
একটি বাড়ি একটি খামার প্রকল্পকে পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তরের নির্দেশ দেওয়া হয় গত ৩০ জুলাই। প্রধানমন্ত্রী একনেক সভায় এ ব্যাংক গঠনের নির্দেশ দেন। গত ১ সেপ্টেম্বর আন্ত মন্ত্রণালয়ের বৈঠকে এ ব্যাংকের খসড়া আইন অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগ এ ব্যাপারে এখনো অনুমোদন দেয়নি। অথচ গত ৯ অক্টোবর প্রধানমন্ত্রী জাতীয় পুরস্কার বিতরণী ও অনলাইন ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ ব্যাংক গঠনের ঘোষণা দেন।
দাবি আদায়ের লক্ষ্যে পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। একই সঙ্গে সারা দেশে উপজেলা পর্যায়ে প্রকল্পের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। প্রকল্পভুক্ত উপকারভোগী ব্যক্তিরা গত বুধবার থেকে প্রকল্পের সদর দপ্তরে অবস্থান করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।
বর্তমানে প্রকল্পের উপকারভোগীর সংখ্যা ১০ লাখ ৩৮ হাজারেরও বেশি। সমিতি পর্যায়ে সদস্যদের সঞ্চয়ের পরিমাণ এক হাজার ৩০০ কোটি টাকা। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা সাত হাজার ১১২ জন।