পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্রামের মানুষের কল্যাণ নিশ্চিত করতে ও তাদের ভাগ্য পরিবর্তনে দেশে ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ প্রতিষ্ঠা করা হবে। তবে এই ব্যাংক প্রতিষ্ঠায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সম্মতি প্রয়োজন হবে।
প্রধানমন্ত্রী গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পল্লির জনগণের জন্য ডিজিটাল ব্যাংকিং উদ্বোধন এবং জাতীয় পর্যায়ে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, একটি বাড়ি একটি খামার দারিদ্র্য বিমোচনে নতুন পথের দিশা দিয়েছে। একইভাবে পল্লির জনগণের জন্য পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হবে, যাতে করে ব্যাংকের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে না পারে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি, গরিব জনগণ কোনো একটি প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করতে পারছে না। তাদের আবারও অন্য সংস্থা থেকে ঋণ নিতে হচ্ছে। এর ফলে তারা ঋণ ও এর সুদে জর্জরিত হয়ে পড়ছে।’
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এবং এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
অনুষ্ঠানে প্রকল্পের সুবিধাভোগীদের পক্ষে খুলনার কণিকা মিস্ত্রি এবং শরীয়তপুরের আবদুল গনি মাতুব্বর বক্তব্য দেন।
শেখ হাসিনা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গৃহীত একটি বাড়ি একটি খামার প্রকল্পে অসামান্য অবদান রাখার জন্য ১২টি ক্যাটাগরিতে ১৯ জনকে জাতীয় পুরস্কার দেন। এসব পুরস্কারের মধ্যে রয়েছে ১০ হাজার টাকা, একটি ক্রেস্ট ও সনদ।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উপকারভোগী, ব্যবস্থাপক, মাঠ সংগঠক, উপজেলা সমন্বয়কারী, উপজেলা গ্রাম উন্নয়ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, জেলা সমন্বয়কারী অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসকেরা।
প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয়
চাঁপাইনবাবগঞ্জে গতকাল দেশের প্রথম বেসরকারি কৃষি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে এই নতুন বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেন।
‘জনসংখ্যা বৃদ্ধির কারণে দিন দিন চাহিদা বৃদ্ধি পাওয়ায় খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধিতে গবেষণার ওপর গুরুত্বারোপ করেছে।
প্রধানমন্ত্রী দেশের উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বাণিজ্যিক কর্মকাণ্ডের পাশাপাশি দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি আহ্বান জানান।
এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া, বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান মো. আবদুল মান্নান আকন্দ উপস্থিত ছিলেন।