প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় মাগুরার বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিন নিয়েছেন বাংলাদেশ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার। গতকাল বৃহস্পতিবার তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এদিকে জামিন পাওয়ার পর মিহির কান্তি ভাড়াটে বাহিনী দিয়ে মামলার বাদী মকবুল হোসেনের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলার বিবরণে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠকর্মী বরিশালের উজিরপুর উপজেলার হস্তীসুন্দর গ্রামের জসিম উদ্দিন সরকার তাঁর ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত লোগো ব্যবহার করে একটি বাড়ি একটি খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক নিয়ে একটি পোস্ট দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। এতে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার ক্ষুব্ধ হয়ে মুঠোফোনে জসিম উদ্দিনকে গালাগাল করেন। এ সময় তিনি শেখ হাসিনাকে নিয়ে নানা কটূক্তি করেন। বিষয়টি জানার পর বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের মাগুরা জেলা শাখার সভাপতি মকবুল হোসেন গত বছরের ২৪ অক্টোবর আদালতে মামলা করেন।
বাদীপক্ষের আইনজীবী কাজী সিরাজ মিহির বলেন, জামিন পাওয়ার পর মিহির কান্তি মজুমদার ভাড়াটে লোক দিয়ে তাঁর মক্কেল মকবুল হোসেনকে তুলে নেওয়ার চেষ্টা করেন। আদালত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, মকবুল হোসেন নামের এক ব্যক্তি তাঁদের কাছে আশ্রয় নিয়েছিলেন।
মিহির কান্তির মুঠোফোনে কল করে বন্ধ পাওয়া গেছে। তাঁর আইনজীবী আশরাফ হোসেন বলেন, বাদীকে লাঞ্ছিত, মারধর এবং প্রধানমন্ত্রীকে কটূক্তির বিষয়টি মিথ্যা। ব্যক্তিস্বার্থে একটি মহল হয়রানি করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।