পল্লীকবির ১১০তম জন্মবার্ষিকী পালিত
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ১১০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পল্লীকবির জন্মবার্ষিকী পালন করে।সকাল সাড়ে আটটায় সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে কবির মাজারে জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর ফাউন্ডেশন, শিল্পকলা একাডেমী, প্রেসক্লাব, সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, সাহিত্য পরিষদ, রিপোর্টার্স ইউনিটি, টাউন থিয়েটার, বৈশাখী নাট্যগোষ্ঠী ও আনসারউদ্দিন উচ্চবিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।সকাল নয়টায় কবির বাড়ির চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মইনউদ্দিন আহমদ।পল্লীকবি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে তাঁর মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।