পল্লীকবির ‘আসমানী’ কবিতার আসমানীর ইন্তেকাল
পল্লীকবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি ‘আসমানী’ কবিতার কেন্দ্রীয় বাস্তব চরিত্র আসমানী আর নেই। শনিবার ভোর তিনটার দিকে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ছয় মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। ওই দিনই দুপুরে বাড়ির পাশের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। আসমানী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হলে গত ২৩ জুন তাঁকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ২৭ জুলাই তাঁকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ৫ আগস্ট তাঁকে রসুলপুরে নিয়ে আসা হয়। আসমানীর মৃত্যুর খবরে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার জামিল হাসানসহ রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক ব্যক্তিরা আসমানীর বাড়িতে ছুটে যান এবং শেষ শ্রদ্ধা নিবেদন করেন। প্রশাসন এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আসমানীর দাফনের জন্য ১৫ হাজার টাকা দেওয়া হয়। ঈশান গোপালপুর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নূরুজ্জামান চৌধুরী বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের আজিজ পাইপের সামনে থেকে রসুলপুর গ্রাম পর্যন্ত সড়কটির নামকরণ আসমানীর নামে করা হবে। আসমানীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন। পল্লীকবি জসীমউদ্দীনের অমর সৃষ্টি ‘আসমানী’ কবিতাটি কবি ১৯৪৬ সালে আসমানীর নিজ গ্রাম রসুলপুরে বসে রচনা করেন। পরবর্তী সময়ে কবিতাটি কবির এক পয়সার বাঁশী কাব্যগ্রন্থে সন্নিবেশিত হয়। এই বইটি প্রকাশিত হয় ১৯৪৯ সালে। পরে কবিতাটি স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।