পশু কিনতে হিমশিম
ঠাকুরগাঁওয়ে এ বছর ভুট্টার পর ধান ও পাটের দাম কম পেয়েছেন কৃষকেরা। এর পর চলতি মৌসুমের আমন চাষের খরচ জোগাতে গিয়ে কৃষকের হাত এখন একেবারেই শূন্য। তাই কোরবানির পশু কিনতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা।
সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের কৃষক মো. আবদুল আউয়াল (৫৬) ছয় বিঘা জমিতে পাট আবাদ করে উৎপাদন খরচ তুলতে পারেননি। ফলে চলতি আমন মৌসুমে পুঁজিসংকটে পড়েন। তিন বিঘা জমির চাষের খরচ জোগাড় করতেই তাঁর হাত এখন একেবারেই শূন্য। তিনি বলেন, ‘সামনে ঈদ, হাত একেবারেই ফাঁকা। চিনি, সেমাই কেনা যেখানে কঠিন হয়ে পড়েছে, সেখানে কোরবানির পশু কিনব কী দিয়ে।’ একই ধরনের কথা বলেন মহেশপুরের বাসিন্দা মোশাররফ হোসেনসহ আরও পাঁচ-সাতজন।
উপজেলার বাঁশগাড়া গ্রামের কৃষক মো. সামাদ (৪৬) বলেন, ‘দুই বছর থাকিয়া ধান, ভুট্টায় লাভ পাওনি। হাতত টাকাপয়সা নাই। এবার ঋণ করিয়া দুই বিঘা জমিত ধান লাগাইছু। এলা ঈদ করিবার তানে টাকা থাকে কী করিয়া। হাটত গরুর দাম কম হইলেও ভাগ দেওয়া হামার হবেনি।’
রানীশংকৈল উপজেলার নেকমরদ, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ি, হরিপুরের যাদুরানি, পীরগঞ্জের ফকিরহাট ও সদর উপজেলার খোঁচাবাড়ি, মাদারগঞ্জ, গড়েয়া ও রামনাথহাট জেলার প্রধান পশুর হাট।
সদর উপজেলার খোঁচাবাড়িহাটের দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চবিদ্যালয়ের মাঠে মঙ্গলবার গিয়ে দেখা গেছে, প্রচুর গরু, ছাগল ও মহিষ বিক্রির জন্য নিয়ে এসেছেন মালিকেরা। কিন্তু বেচাবিক্রি তেমন একটা নেই। এখানে ছোট আকারের গরু বিক্রি হচ্ছে ১৪ হাজার থেকে ১৬ হাজার টাকায়। মাঝারি আকারের গরু ২০ হাজার থেকে ২৫ হাজার টাকায়। বড় আকারের গরু বিক্রি হচ্ছে ৩৫ হাজার টাকার ওপরে।
খোঁচাবাড়িহাটে গরু বিক্রি করতে আসা আবদুর রশিদ বলেন, গত বছরের চেয়ে এ বছর গরু-ছাগলের দাম অনেক কম। গত বছর যে গরু ২৫ হাজার টাকায় বিক্রি করেছি, ওই গরুটি এবার ২২-২৩ হাজার টাকায় বিক্রি করতে হচ্ছে। ছাগলের দামও একই অবস্থা। সীমান্ত দিয়ে অসংখ্য গরু আসায় হাটে গরুর দাম পড়ে গেছে।
মাদারগঞ্জহাটে গরু বিক্রি করতে আসা কহরপাড়ার কৃষক আবদুল আউয়াল বলেন, ‘কয়েকখান ফসল আবাদ করিয়া লোকসান খানু। এলা ঈদ হবে কী দিয়া। বাড়ির একটা বাছুরসহ গরু বেচাবার তানে আনিছু। এইখান বিক্রির টাকাত ঈদের খরচ করিমু।’
এ সম্পর্কে বেসরকারি সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক ও সমাজ গবেষক মুহম্মদ শহীদ উজ জামান বলেন, উত্তরাঞ্চলে আমন রোপণের পর ভাদ্র-আশ্বিন মাসে এমনিতেই কৃষকের হাতে কাজ থাকে না। ফলে তাদের হাত অনেকটা খালি থাকে।