নগরের নির্দিষ্ট জায়গার বাইরে কোরবানির পশু জবাই না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার বিকেলে নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
গতকাল সংবাদ সম্মেলনে মেয়র নাছির উদ্দীন বলেন, এবার কোরবানির পশুর বর্জ্য সরানোর জন্য ঈদের দিন বেলা ১১টা থেকে চার হাজার পরিচ্ছন্নতাকর্মী কাজ শুরু করবে। সন্ধ্যা ছয়টার মধ্যে নগরের সব বর্জ্য পরিষ্কার করা হবে। এ জন্য আড়াই শতাধিক গাড়ি প্রস্তুত আছে। পরিচ্ছন্নতাকর্মীরা সন্ধ্যার মধ্যে নগরের বিভিন্ন জায়গা থেকে বর্জ্য সরিয়ে নেবে।
মেয়র নাছির উদ্দীন আরও বলেন, ‘এবার পশু জবাইয়ের জন্য নগরের ৩৬১ জায়গা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত জায়গার মধ্যে পশু জবাই হলে পরিচ্ছন্নতাকর্মীদের কাজ করতে সহজ হয়। কিন্তু যেখানে-সেখানে পশু জবাই হলে পরিবেশ দূষণ হবে। রোগজীবাণু ছড়িয়ে পড়বে। এই নগর সবার। নগর পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমাদের সবার। সবার সহযোগিতা নিয়ে আমার গোটা নগরকে পরিচ্ছন্ন করে রাখতে চাই।’
মেয়র নাছির বলেন, নির্দিষ্ট ৩৬১ জায়গার বাইরে নিজ নিজ বাসাবাড়ির আঙিনায় পশু জবাই করা যাবে। কিন্তু নিজ দায়িত্বে দ্রুত সময়ের মধ্যে সেই বর্জ্য অপসারণ করতে হবে। সেই বর্জ্য কাছে অবস্থিত সিটি করপোরেশনের কনটেইনারে ফেলতে হবে। আর পশুর রক্ত মাটিচাপা দিয়ে রাখতে হবে অথবা পানি ঢেলে ধুয়ে ফেলতে হবে। পুঁতিময় দুর্গন্ধ যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
মেয়র নাছির কোরবানির পশুর হাট সড়ক, মহাসড়ক ও রেললাইনে না বসানোরও আবেদন করেছেন। এতে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই প্রতিবন্ধকতা থেকে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ে।
গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও শৈবাল দাশ, সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম প্রমুখ।