পশু মোটাতাজাকরণ পাম্প বড়ি দেদার বিক্রি চলছেই
মিয়ানমার থেকে চোরাইপথে আসা নিষিদ্ধ পাম্প বড়ি দেদার বিক্রি হচ্ছে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন বাজারে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পশুকে এসব বড়ি খাইয়ে মোটাতাজা করার পাশাপাশি দাম বেশি পাওয়ার আশা করেছেন পশু ব্যবসায়ীরা।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, এসব পাম্প বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনি ক্ষতিগ্রস্ত হয়। এতে পানি জমে স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয়ে পশুর শরীর দ্রুত ফুলে যায়। এতে করে পশুকে মোটাতাজা দেখায়। এসব পশুর মাংস মানুষের জন্যও ক্ষতিকর। উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, দোকানে প্রকাশ্যে পশু মোটাতাজাকরণের পাম্প বড়ি নির্বিঘ্নে বেচাবিক্রি হচ্ছে। অনেকে দোকান থেকে এসব পাম্প বড়ি কিনে নিয়ে যাচ্ছে। বড়ি কিনতে আসা নয়াপাড়া গ্রামের আবদুল খালেদ, আজিজুর রহমান ও মহেশখালিয়াপাড়ার আশরাফ মিয়া বলেন, মিয়ানমার থেকে আসা ডেক্সামেথাসোন, ডেক্সাভেটের সঙ্গে বি-৫০ মিশিয়ে খাওয়ালে গরু-মহিষ দ্রুত মোটা হয়। মোটা পশু কোরবানির হাটে তুললে চড়া দামে বিক্রি হবে। তাই এসব বড়ি কিনে নিয়ে যাচ্ছি।টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ৪২ বর্ডার গার্ড (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. জাহিদ হাসান বলেন, উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে পাচারকালে পশু মোটাতাজাকরণের তিন লক্ষাধিক নিষিদ্ধ বড়ি জব্দ করা হয়েছে।