পশু মোটাতাজাকরণ প্রক্রিয়া বন্ধে নজরদারির দাবি
নিষিদ্ধ স্টেরয়েড জাতীয় ওষুধ খাইয়ে গরু মোটাতাজা করার প্রক্রিয়া বন্ধ করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে পশু খামারগুলোকে নিয়মিত নজরদারির আওতায় রাখার দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।
একই সঙ্গে এ তৎপরতা বন্ধে অধিদপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় সাধন, কৃষকদের প্রশিক্ষণ দেওয়া এবং কোরবানির ঈদ সামনে রেখে হাট ও স্থলবন্দরে আমদানি করা পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসক নিয়োগের দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার পবা কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনা থেকে এ দাবি জানানো হয়।
বক্তারা বলেন, ওষুধের মাধ্যমে মোটাতাজা করা এসব গরুর মাংস খাওয়ার ফলে মানুষের কিডনি, লিভার, হৃৎপিণ্ডসহ নানা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগীদের রক্তে চিনির মাত্রা বেড়ে যায়। মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাই এর বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিষমুক্ত নিরাপদ খাদ্যবিষয়ক জাতীয় কমিটির সদস্যসচিব লেনিন চৌধুরী। বিজ্ঞপ্তি।