পশুকে মোটাতাজা করতে খাওয়ানো হচ্ছে পাম বড়ি
সারা দেশে যখন গরুর তড়কা রোগ বা অ্যানথ্রাক্স আতঙ্ক বিরাজ করছে, তখনো থেমে নেই অসাধু ব্যবসায়ীদের তৎপরতা। ঈদুল আজহাকে সামনে রেখে তাঁরা গরুকে পাম বড়ি নামে এক ধরনের বড়ি খাওয়াচ্ছেন। এই বড়ি খাইয়ে পশুকে মোটাতাজা করা হয়। রোগাক্রান্ত, কম ওজন ও কম বয়সী গরু-ছাগল ও মহিষের ওজন দ্রুত বাড়াতে এ বড়ি খাওয়ানো হয়। কক্সবাজারের রামু উপজেলাসহ জেলার সর্বত্র এ অপকর্ম চলছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, পশু ছাড়াও মোটা হওয়ার জন্য নারীরা এ বড়ি খেয়ে মৃত্যু ঝুঁকিতে পড়ছেন। পশু ও মানবদেহ এ দুইয়ের জন্যই এ বড়ি ক্ষতিকর। এ বড়ি খেলে মুখের দুই পাশ ফুলে যায়। আপাতদৃষ্টিতে মুখের এ অবস্থা দেখে মোটা হয়েছে মনে হলেও আসলে শরীরে পানি জমে এমন হয়। এভাবে কয়েক মাস যেতে না যেতে শরীরে কিডনি সমস্যা, চামড়া ফেটে যাওয়া, বদ হজমসহ নানা জটিল রোগ দেখা দিতে পারে। আর যেসব পশুকে ওই বড়ি খাওয়ানো হয় ওই পশুর মাংস মানুষ খেলে একই ধরনের সমস্যা দেখা দিতে পারে। রামু চৌমুহনীর ওষুধ দোকানের কয়েক জন মালিক জানান, পাম বড়ি নামে ভারত ও মিয়ানমার থেকে আসা হলুদ ও সাদা রঙের এই বড়ি ব্যবসায়ীরা পশু মোটাতাজাকরণে ব্যবহার করছেন। এর মধ্যে ভারতীয় পিরিয়াকটিন, থাইল্যান্ডের সাইকোডিন ও ডেক্সাউইন এবং দেশে তৈরি জেসন ফার্মার ডেক্সামিন, একমির স্টেরন ও গ্লোব ফার্মার ডি-কট তালিকায় রয়েছে। তাঁরা আরও জানান, দেশে তৈরি প্রতিপাতা বড়ির দাম পড়ে পাঁচ থেকে ১০ টাকা। বাইরে থেকে আসা খোলা ট্যাবলেটের দাম আরও সস্তা হওয়ায় মূলত সেগুলোই বেশি বিক্রি হয়। প্রতিবছর কোরবানির ঈদে এসব ওষুধের চাহিদা বেড়ে যায়। ভেটেরিনারি সার্জন ও রামু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জুলহাস আহম্মেদ খান পশুকে ক্ষতিকর বড়ি খাওয়ানোর বিষয়টি স্বীকার করে বলেন, পাম বড়ি খাওয়ানো গরুর মাংস সাদা ও স্বাদহীন হয়। রক্তের রং পরিবর্তন হয়, পশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে একপর্যায়ে মারা যায়। এসব পশুর মাংস খেলে মানুষ কিডনি সমস্যাসহ জটিল রোগে আক্রান্ত হতে পারে।