পশুচিকিৎসক না থাকায় বন্যায় গবাদিপশু নিয়ে বেড়েছে সমস্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের গবাদিপশুসমৃদ্ধ শাহজাদপুর উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় চিকিৎসকশূন্য হয়ে পড়েছে। দুদিন ধরে একজন চিকিৎসকও কর্মস্থলে উপস্থিত না থাকায় বন্যার মৌসুমে গবাদিপশুর মালিকেরা তাঁদের গৃহপালিত পশুগুলোর চিকিৎসা নিতে এসে ফেরত যেতে বাধ্য হচ্ছেন। বন্যার মধ্যে অসুস্থ গবাদিপশুগুলো বন্যাকবলিত মানুষের জন্য যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে উঠেছে।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও খামারিদের সূত্রে জানা গেছে, মাস খানেক আগে এ কার্যালয়ের একমাত্র ভেটেরিনারি সার্জন শহিদুল ইসলাম ছয় মাসের জন্য এক প্রশিক্ষণে যান। একজন প্রাণিসম্পদ কর্মকর্তা থাকলেও তিনিও গত মঙ্গলবার ঢাকায় গেছেন। ফলে চিকিৎসকশূন্য হয়ে পড়েছে প্রাণিসম্পদ কার্যালয়।
গত বুধবার নিজ নিজ গবাদিপশুর জন্য পরামর্শ নিতে আসা খামার মালিক চরবেলতৈল গ্রামের সাইফুল ইসলাম, আবদুর রহমান, খুকনি গ্রামের শহিদুল ইসলাম ও ব্রজবালা গ্রামের ফরিদ হোসেন বলেন, ‘বন্যার কারণে গরু-বাছুর নানা রোগে আক্রান্ত হচ্ছে। স্থানীয় গ্রাম্য চিকিৎসক দিয়ে চিকিৎসা করিয়ে লাভ হয়নি। তাই বড় ডাক্তারের কাছে এসেছিলাম। কিন্তু কেউ না থাকায় ফেরত যাচ্ছি।’ তাঁরা অভিযোগ করে আরও বলেন, উপজেলার অর্ধশতাধিক গরুর বাথান ও পাঁচ হাজার একর গোচারণ ভূমি বন্যার পানিতে ডুবে যাওয়ায় কাঁচা ঘাসের অভাব দেখা দিয়েছে। এতে এ অঞ্চলের প্রায় চার লাখ গবাদিপশুর খাদ্যাভাব তীব্র আকার ধারণ করেছে। বাড়ির যে অংশটুকু এখনো প্লাবিত হয়নি, ঠাসাঠাসি করে সেখানে গবাদিপশুগুলো রাখা হয়েছে। বেশি সংখ্যক পশু একসঙ্গে রাখায় নানা ধরনের রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছে সেগুলো। এ সময় চিকিৎসক না পাওয়ায় সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস ছামাদ বলেন, ‘দুজন চিকিৎসকের মধ্যে একজন প্রশিক্ষণে আছেন। আর আমি মন্ত্রী মহোদয়ের সঙ্গে জরুরি মিটিং থাকায় ঢাকায় এসেছি। যে কারণে দুদিন ধরে চিকিৎসক নেই। তবে স্থানীয়ভাবে মাঠকর্মী ও কম্পাউন্ডাররা রয়েছেন। তাঁরা চিকিৎসা দিতে পারবেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আহমেদ বলেন, ‘বন্যার সময় এমনিতেই পরিস্থিতি কঠিন হয়ে আছে। এ সময় চিকিৎসকদের উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। কোথাও গেলে আমাকেও বলার কথা। বিষয়টি তদন্ত করে জানানো হবে।’