পশুচিকিৎসককে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার কাহালুর পল্লি গবাদিপশু চিকিৎসক কামরুজ্জামান নান্নু (২৮) হত্যার ঘটনায় গত শনিবার রাতে নিহত নান্নুর বাবা কাহালু থানায় একটি হত্যা মামলা করেছেন। এদিকে পুলিশ গত শনিবার দুপুরে শিবগঞ্জের মাঝিহট্ট ইউনিয়নের চাপাইল গ্রামের একটি পুকুর থেকে নিহত ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে। তবে হত্যার ঘটনায় এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নিহত কামরুজ্জামান কাহালুর ছোটভাদাহার গ্রামের কমর উদ্দিনের ছেলে। নিখোঁজ হওয়ার আট দিনের মাথায় গত শুক্রবার সকালে শিবগঞ্জের ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
কাহালু থানার ওসি সমিত কুমার কুণ্ডু বলেন, পুলিশ এরই মধ্যে নিহত ব্যক্তির মোটরসাইকেলটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, কাহালুর ছোটভাদাহার বাজারে বাবার সঙ্গেই কামরুজ্জামানও গবাদি পশুর চিকিৎসা করতেন। ১৯ ফেব্রুয়ারি দুপুরে তাঁর মুঠোফোনে ফোন দিয়ে কে বা কারা ডেকে নেয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।