পশুপাখি কমছে, খাঁচা খালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা চিড়িয়াখানায় গত দুই বছরে কমে গেছে ১৪টি পশুপাখি। নতুন কোনো পশুপাখিও আনা হচ্ছে না। অধিকাংশ খাঁচাই শূন্য পড়ে আছে। বর্তমানে ১৬টি পশুপাখি থাকলেও এগুলোর রুগ্ণ দশা। এ ছাড়া আছে অবকাঠামোগত নানা সমস্যা। তাই এটি এখন অনেকটা নামেই চিড়িয়াখানা।
কুমিল্লা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৮৬ সালে কুমিল্লা শহরের কালিয়াজুরি মৌজায় ১০ দশমিক ১৫ একর জায়গা নিয়ে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করা হয়। এর দশমিক ৭৫ একর জায়গা নিয়ে চিড়িয়াখানা করা হয়। বর্তমানে চিড়িয়াখানায় ১৬টি পশুপাখি রয়েছে। এর মধ্যে রয়েছে একটি সিংহ, সাতটি বিভিন্ন প্রজাতির বানর, দুটি ভালুক বিড়াল, দুটি গাঙচিল, দুটি মিসরের মুরগি, একটি অজগর ও একটি খরগোশ। দুই বছর আগেও এখানে নয়টি চিত্রা হরিণ, আরও দুটি বানর এবং একটি করে শিয়াল, ময়ূর ও গাঙচিল ছিল। এগুলো এখন আর নেই। ১ জানুয়ারি সঙ্গীবিহীন ময়ূরটি মারা গেছে। হরিণগুলো অন্যত্র নেওয়া হয়েছে। একমাত্র সিংহ ‘যুবরাজ’ ক্রমেই রুগ্ণ হয়ে পড়ছে।
কুমিল্লা জেলা পরিষদের অফিস সহকারী স্বপন কুমার দত্ত জানান, ২০১১ সালের ১ জুলাই থেকে ২০১৪ সালের ৩০ জুন পর্যন্ত ৯০ হাজার টাকায় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন ইজারা দেওয়া হয়। ইজারাদার পশুপাখির খাদ্য দিচ্ছেন। একই সঙ্গে পরিচর্যাও করা হচ্ছে।
১৬ জানুয়ারি দুপুরে সরেজমিনে দেখা গেছে, চিড়িয়াখানার অধিকাংশ খাঁচা খালি। হরিণের শেডগুলোও খালি পড়ে আছে। খাঁচার ভেতরে কাঠের গুঁড়ি রাখা হয়েছে। যে কয়টি পশুপাখি আছে, সেগুলোও আছে অযত্ন আর অবহেলায়। চিড়িয়াখানার পূর্ব ও উত্তর পাশের সীমানাপ্রাচীর একেবারেই নিচু। এই প্রাচীর ডিঙিয়ে দুষ্ট ছেলেদের দলে দলে ওঠানামা করতে দেখা গেছে। দর্শনার্থী বেশি হলে ১০ জন হবেন।
কলেজশিক্ষক মাসুদ মজুমদার বলেন, এত কমসংখ্যক পশুপাখি নিয়ে বাংলাদেশে আর কোনো চিড়িয়াখানা নেই। অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও এর কোনো উন্নতি নেই।
এদিকে চিড়িয়াখানাসংলগ্ন বোটানিক্যাল গার্ডেনেরও দশা বেহাল। সেখানকার বিভিন্ন প্রজাতির গাছের মাটি সরে গেছে। নতুন করে সেখানে কোনো গাছ লাগানো হচ্ছে না। একটু বৃষ্টি হলেই পানিতে সড়ক ভরে যায়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের অবস্থান করতে দেখা যায়। এদের কারণে অভিভাবক ও স্বজনেরা শিশুদের নিয়ে এখানে আসতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।
কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের ইজারাদার মামুনুর রহমান পাটোয়ারী বলেন, ২০১১ সালের ৪ অক্টোবর চিড়িয়াখানার উন্নয়নের জন্য ১৩টি দাবি প্রশাসনের কাছে জানানো হয়। এর মধ্যে রয়েছে চিড়িয়াখানার সীমানাপ্রাচীর উঁচুকরণ ও এক হাজার ফুট কাঁটাতারের বেড়া নির্মাণ, চিড়িয়াখানার প্রবেশদ্বারে মাটি ভরাট, পানকৌড়ি এলাকায় গ্রিল লাগানো, জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক উন্নয়ন, পানকৌড়ি রেস্তোরাঁ মেরামত, দর্শনার্থীদের জন্য বড় আকারের চারটি ছাউনি, ঢাকা, চট্টগ্রাম ও রংপুর চিড়িয়াখানা থেকে বাঘ, ভালুক, ময়ূর ও অন্যান্য পশুপাখি আনা, সার্বক্ষণিক পশুচিকিৎসক, নালার ব্যবস্থা, কর্মচারীর সংখ্যা ও দুটি সড়ক মেরামত। এখন পর্যন্ত এগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক বলেন, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের জায়গার মালিক জেলা প্রশাসন। জেলা পরিষদ বছর বছর ইজারা নিয়ে সেটি পরিচালনা করে থাকে।
দীর্ঘমেয়াদি ইজারা দেওয়া হলে ওই চিড়িয়াখানাকে আরও আধুনিকায়নসহ শিশুপার্ক করা যেত।
জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের উন্নয়নের জন্য সরকারি নীতিমালার আলোকে জেলা প্রশাসন পদক্ষেপ নেবে। এ ব্যাপারে করণীয় কী, তা নিয়ে জেলা পরিষদের সঙ্গেও কথা বলা হবে।