পশুপালন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন করে বিএসসি অ্যানিমেল সায়েন্স (অনার্স) কোর্স চালু না করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।ওই সিদ্ধান্ত বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার সব ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রশাসন ভবন ঘেরাও করেন। দাবি আদায়ের লক্ষ্যে আজ বৃহস্পতিবার থেকে পশুপালন অনুষদের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখাসহ ওই অনৈতিক সিদ্ধান্তের সঙ্গে জড়িত কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অনুষদের ছাত্র সমিতির নেতারা।৭ জুলাই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ শিক্ষামন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর কাছে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ইমরান হোসেন খান স্বাক্ষরিত একটি পত্রে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিএসসি অ্যানিমেল সায়েন্স (অনার্স) কোর্স চালু না করার অনুরোধ করা হয়। পাশাপাশি ওই ডিগ্রিকে দেশের আর্থসামাজিক অবস্থার সঙ্গে সংগতিহীন, জনস্বার্থবিরোধী ও অকার্যকর বলে আখ্যায়িত করা হয়। এই পত্রের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার ইউজিসি কর্তৃপক্ষের নির্দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব ফেরদৌস জামান সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে একটি পত্রে দেশের সামাজিক অবস্থার সঙ্গে সংগতিহীন ও অকার্যকর বিএসসি অ্যানিমেল সায়েন্স (অনার্স) কোর্স চালু না করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে পশুপালন অনুষদের শিক্ষার্থীরা ইউজিসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষকসহ উপাচার্য অধ্যাপক এম এ সাত্তার মণ্ডল। বেলা সাড়ে চারটার দিকে পশুপালন অনুষদের ছাত্র সমিতি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে ইউজিসির সিদ্ধান্তকে আইন-বহির্ভূত উল্লেখ করে ২৪ ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। দাবি না মানলে আজ থেকে পশুপালন অনুষদের সব ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধসহ এই অনৈতিক সিদ্ধান্তের সঙ্গে জড়িত কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অনুষদের ছাত্র সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদ আল রিয়াদসহ অন্য নেতা ও সাধারণ শিক্ষার্থীরা।