পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন (এনিমেল হাজবেন্ড্রি) বিভাগে শিক্ষার্থী ভর্তি স্থগিত করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গতকাল বুধবার এ রায় দেন। পরে রিটকারীদের আইনজীবী এম বদরুদ্দোজা প্রথম আলোকে বলেন, ভর্তি স্থগিতের সিদ্ধান্ত অবৈধ ঘোষণার পাশাপাশি ইতিপূর্বে দেওয়া স্থিতাবস্থা প্রত্যাহার করে ভর্তি হওয়া ৩০ জন শিক্ষার্থীর ক্লাস দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। রিট-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, গত বছর ২৯ সেপ্টেম্বর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পশুপালন বিভাগ খোলার অনুমতি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কিন্তু ওই অনুমোদন স্থগিত করে গত ২৫ অক্টোবর ওই বিভাগে শিক্ষার্থী ভর্তি স্থগিত রাখতে বলে মঞ্জুরি কমিশন। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আবিদ মাহমুদ নামের এক শিক্ষার্থী ও অপর এক শিক্ষার্থীর অভিভাবকসহ তিনজন হাইকোর্টে রিট আবেদন করেন।