কোরবানির পশুবাহী গাড়িতে চাঁদাবাজির ব্যাপারে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
গতকাল রোববার জেলা পুলিশের সম্মেলনকক্ষে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, পশুবাহী কোনো গাড়ি পুলিশ থামাবে না। কেউ গাড়ি থামিয়ে চাঁদা নিয়েছে—এ খবর পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এ কে এম হাফিজ আক্তার বলেন, পশু ব্যবসায়ীরা চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ উঠেছে, কিছু শ্রমিক সংগঠনের নেতারা রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা নিচ্ছেন। তিনি বলেন, চাঁদাবাজ যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরা বলেন, সড়ক-মহাসড়কে ছোট-বড় গর্ত থাকার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। সভায় উপস্থিত সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, ঘন ঘন বৃষ্টির কারণে গর্তগুলো ভরাট করে বিটুমিন বসানো যাচ্ছে না।
সভায় অতিরিক্ত চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) মো. শহীদুল্লাহ, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ নাঈমুল হাছান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চলীয় সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।