পশুর চামড়া কিনে বিপাকে ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ হাট গাইবান্ধার পলাশবাড়ী হাটে এ বছর পশুর চামড়ার আমদানি প্রচুর। কিন্তু ক্রেতা নেই। ফলে চামড়া কিনে বিপাকে পড়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এবার চামড়ায় লাভ তো দূরের কথা, লোকসান গুনতে হচ্ছে।
গত শনিবার দুপুরে পলাশবাড়ী হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা হাটে পশুর চামড়া বিক্রি করতে এনেছেন। ক্রেতা না থাকায় তাঁরা চামড়া স্তূপ করে রেখেছেন। অনেকে চামড়ায় লবণ মেশাচ্ছেন।
ব্যবসায়ীরা বলেন, এ বছর ট্যানারি মালিক সমিতি প্রতি বর্গফুট গরুর চামড়া ৪০ টাকা এবং ছাগলের চামড়ার দাম ১৫ টাকা নির্ধারণ করে। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা গ্রাম ঘুরে প্রতি বর্গফুট গরুর চামড়া ৬০ থেকে ৬৫ টাকা ও ছাগলের চামড়া ২০ থেকে ২২ টাকা দরে কিনেছেন। ফলে বেশি দামে চামড়া কিনে বিক্রি করতে না পারায় তাঁরা বিপাকে পড়েছেন।
পলাশবাড়ী হাটে চামড়া বিক্রি করতে এসেছেন সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী শ্যাম লাল। তিনি বলেন, ‘এবার পাইকারেরা চামড়া কিনতে আগ্রহী হচ্ছেন না। বাধ্য হয়ে হাটের এক ফড়িয়া ব্যবসায়ীর কাছে বিক্রি করলাম। ২৫ হাজার টাকার চামড়া কিনে ৫ হাজার টাকা লোকসান দিয়েছি।’
সদর উপজেলার কূপতলা গ্রামের চামড়ার ক্ষুদ্র ব্যবসায়ী লাল চাঁন বলেন, ‘৩০ হাজার টাকার চামড়া কিনে পলাশবাড়ী হাটে এনেছি। সকাল আটটা থেকে হাটে অপেক্ষা করছি। কেউ দাম করছে না। বাধ্য হয়ে হাটেই চামড়া স্তূপ করে রেখেছি।’
নাম প্রকাশ না করার শর্তে গাইবান্ধা পৌর এলাকার একজন ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী বলেন, ‘দাদন ব্যবসায়ীর কাছে চড়া সুদে ২০ হাজার টাকা নিয়ে চামড়া কিনে বিপদে পড়েছি। বিক্রি করতে না পারায় লাভ তো দূরের কথা, পকেটের টাকা দিয়ে সুদ পরিশোধ করতে হবে।’
পলাশবাড়ী উপজেলা শহরের চামড়া ব্যবসায়ী মাহমুদুল হাসান বলেন, ‘প্রতিবছর পলাশবাড়ী হাট থেকে ঢাকার ট্যানারি মালিকেরা চামড়া কেনেন। কিন্তু এবার ঢাকা থেকে এসে কেউ এখনো চামড়া কেনা শুরু করেননি। তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে চামড়া কিনে মাথায় হাত দিয়ে বসে আছি।’ একই উপজেলার আমলাগাছি গ্রামের আবদুল মালেক বলেন, এবার ঢাকার পাইকারেরা চামড়া কিনতে আগ্রহী নন। তাই ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ১০ লাখ টাকার কেনা চামড়া নিয়ে বিপাকে পড়েছি।
গাইবান্ধা শহরের ব্রিজ রোডের চামড়া ব্যবসায়ী আরশাদ আলী বলেন, ‘ট্যানারি মালিক সমিতি চামড়ার যে মূল্য নির্ধারণ করে, ক্ষুদ্র ব্যবসায়ীরা তার চেয়ে বেশি দামে চামড়া কিনেছেন। তাঁদের কাছে বেশি দামে চামড়া কিনে আমরাও বিপাকে পড়েছি।’ পলাশবাড়ী হাটে আসা ঢাকার বিএলসি ট্যানারির প্রতিনিধি ফরিদ মিয়া বলেন, বাজারে আমদানি থাকলেও নির্ধারিত মূল্যের চেয়ে চামড়ার দাম বেশি। তাই চামড়া কেনা সম্ভব হচ্ছে না।