পশুর চামড়া বহনের সময় ইমাম লাঞ্ছিত
কোরবানির পশুর চামড়া বহন করে নিয়ে যাওয়ার সময় ঈদের দিনে চট্টগ্রাম নগরের লালখান বাজারের বাঘঘোনা সিদ্দিকিয়া মসজিদের ইমামকে শারীরিকভাবে নাজেহাল করেছে উচ্ছৃঙ্খল তরুণেরা।
এরা ছাত্রলীগের ক্যাডার হিসেবে এলাকায় পরিচিত। ঈদের পরের দিন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে ইমামের কাছে ক্ষমা চায় ঘটনায় জড়িত দুই তরুণ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রগুলো জানায়, ঈদের দিন বেলা ১১টার দিকে লালখান বাজার এলাকায় বাঘঘোনা সিদ্দিকিয়া জামে মসজিদের ইমাম ফয়েজ উল্লাহ হেলালী রিকশা করে গরুর ১০টি এবং ছাগলের সাতটি চামড়া মসজিদের দিকে নিয়ে যাচ্ছিলেন।
ওই মসজিদের সঙ্গে সংযুক্ত এতিমখানা রয়েছে। প্রতিবছর এতিমখানার জন্য স্থানীয় লোকজন পশুর চামড়া দান করেন।
ঘটনার বর্ণনা দিয়ে ফয়েজ উল্লাহ হেলালী প্রথম আলোকে বলেন, ‘আমি এতিমখানার জন্য পশুর চামড়া নিয়ে মসজিদের দিকে যাচ্ছিলাম। প্রথমে দুই তরুণ চামড়া নিয়ে টানাহেঁচড়া শুরু করে। পরে আরও ১০-১২ জন যোগ দেয়। একপর্যায়ে আমি রিকশা থেকে ছিটকে পড়ে যাই। এর পরই মসজিদের দিকে গিয়ে মুসল্লিদের ঘটনাটি জানাই।’
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ওই দুই তরুণ শরীফ ও মাকসুদকে হাজির করে ইমামের পা ছুঁয়ে ক্ষমা চাইতে বলেন। তারা ইমামের পা ছুঁয়ে ক্ষমা চেয়ে পার পেয়ে যায়।
ফয়েজ উল্লাহ এ প্রসঙ্গে বলেন, ‘দুজন ছেলে আমার কাছে ক্ষমা চেয়েছে। ওরা আমার ছেলের বয়সী। তাই ক্ষমা করে দিয়েছি।’