পশুর চ্যানেলে ৬০০ টন কয়লা নিয়ে কার্গো ডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের পশুর চ্যানেলে গতকাল মঙ্গলবার রাত নয়টায় কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডোবার কারণে বন্দর চ্যানেল সম্পূর্ণ ঝুঁকিমুক্ত রয়েছে। কার্গো জাহাজে থাকা ১২ নাবিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

মংলা থানার ওসি লুৎফুর রহমান ও পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন জানান, এমভি জিয়ারাজ নামে একটি কার্গো জাহাজ মংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া এলাকায় অবস্থানরত বিদেশি জাহাজ এমভি গ্লোবস্টোন থেকে প্রায় ৬০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে গতকাল রাত আটটার দিকে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হয়। জাহাজটি রাত নয়টার দিকে পশুর চ্যানেলের জয়মণি এলাকা অতিক্রমকালে ডুবোচরে আটকা পড়ে তলা ফেটে ডুবে যায়। জাহাজটির পেছনের অংশ কিছুটা দেখা গেলেও পানিতে তলিয়ে আছে বাকি অংশ।

তবে ডুবে যাওয়া কয়লাবোঝাই জাহাজ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত স্থান চিহ্নিত করতে এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।