পশুর তিনটি অবৈধ হাট উচ্ছেদ
গাজীপুর ও মুন্সিগঞ্জে গত সোমবার ও গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছেন। গাজীপুরে দুজনকে জরিমানা করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গোয়াখোলা এলাকায় একটি জমিতে গত রোববারঅবৈধহাট বসানো হয়। খবর পেয়ে গত সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী হাকিম আসিফ আনাম সিদ্দিকী ওই অভিযান পরিচালনা করেন। এ সময় হাটের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। এরপর হাটের সব সরঞ্জাম ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অপসারণ করা হয়। এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ইজারাবিহীন একটি হাট বসানো হয়েছে শুনে ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ গিয়ে সেটা অপসারণ করে। হাট কারা বসিয়েছে তা জানা যায়নি।
এদিকে গতকাল দুপুরে গাজীপুরের মির্জাপুর এবং রাজেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ পশুর হাট উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফৌজিয়া রহমান জানান, তাঁর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গাজীপুর সদরের রাজেন্দ্রপুর আরপি গেটের সামনে এবং ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধভাবে বসানো দুটি পশুর হাট উচ্ছেদ করা হয়। অবৈধ এ হাট বসানোর অপরাধে দুজনকে জরিমানা করা হয়েছে।