পশুর নদে সারবোঝাই জাহাজডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের পশুর চ্যানেলে গত সোমবার রাতে সারবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজে থাকা নয়জনই সাঁতরে কূলে উঠে আসতে সক্ষম হয়।
এমভি দিপাশা-২ নামের ওই জাহাজের মাস্টার খলিলুর রহমান জানান, সোমবার রাতে বন্দর চ্যানেলের ১ নম্বর হাড়বাড়িয়া এলাকায় নোঙর করা চীনের পতাকাবাহী জাহাজ এমভি ইয়াংহাইয়ের সঙ্গে তাঁদের জাহাজকে দড়ি দিয়ে বেঁধে এতে সার বোঝাই করা হচ্ছিল। একপর্যায়ে প্রবল স্রোতের কারণে দড়িটি ছিঁড়ে যায়। এতে চীনা জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তাঁদের জাহাজের একপাশ ফেটে যায়। এ সময় তিনি জাহাজটিকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে পশুর নদের বানীশান্তা এলাকায় এটি ডুবে যায়। জাহাজটিতে ১২০ মেট্রিক টন টিএসপি সার ছিল। সার বোঝাই করে তাঁদের খুলনা যাওয়ার কথা ছিল।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হাবিবুর রহমান ভূঁইয়া বলেন, জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডোবায় অন্য জাহাজ চলাচলে চ্যানেলটি নিরাপদ রয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মংলা থানায় জিডি করা হয়েছে।