রাজধানীতে এক সংবাদ সম্মেলনে পরিবেশবাদী বিশেষজ্ঞরা বলেছেন, সুন্দরবনের পাশে ও পশুর নদের তীরে অপরিকল্পিতভাবে শিল্পকারখানা গড়ে উঠছে। শিল্প প্রকল্পের মালিকেরা পশুর নদের সঙ্গে সংযুক্ত খালগুলো ভরাট করে ফেলছেন। এতে জোয়ারের পানি বাধা পাচ্ছে, পশুর নদের দুপাশে অস্বাভাবিক ভাঙন দেখা দিচ্ছে।
সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি ও পশুর রিভার ওয়াটারকিপার নামের একটি সংগঠন। গতকাল শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে মূল বক্তব্য দেন পশুর রিভার ওয়াটারকিপারের সমন্বয়কারী নুর আলম শেখ।
এতে সভাপতির বক্তব্যে জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল বলেন, ‘সুন্দরবনের পাশে উন্নয়নের নামে মানুষকে নিঃস্ব করা হচ্ছে। এই নিঃস্ব মানুষই শহরে আসছে। বস্তিতে উঠছে। আবার বস্তি থেকে তাদের উচ্ছেদ করা হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া দেশে এত বিষণ্নতা আমরা চাইনি।’ জাতীয় কমিটির গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, সরকারদলীয় গুটি কয়েক ব্যক্তি ও ব্যবসায়ীর স্বার্থে সুন্দরবনের পাশে এত শিল্পপ্রতিষ্ঠানকে কারখানা করার অনুমোদন দেওয়া হয়েছে। ব্যক্তিস্বার্থে জাতীয় সম্পদকে এর মাধ্যমে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হলো।
জাতীয় কমিটির সদস্য শরীফ জামিল বলেন, পরিবেশবিষয়ক জাতীয় কমিটি দেশের পরিবেশ রক্ষার সর্বোচ্চ কর্তৃপক্ষ। অথচ তারাই সুন্দরবনের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টিকারী ৩২০টি শিল্পপ্রতিষ্ঠানকে পশুর নদের তীরে কারখানা করার অনুমোদন দিয়েছে। এটা অবশ্যই বাতিল করতে হবে। কারণ, সরকার ইউনেসকোর কাছে অঙ্গীকার করেছে, তারা ২০১৮ সালের মধ্যে সুন্দরবন ও এর আশপাশের এলাকার ওপর কৌশলগত পরিবেশ নিরীক্ষা প্রতিবেদন তৈরি করে জমা দেবে।